বিশ্বকাপ ফাইনালের জন্য ধরনার সময় কমালেন মমতা, বললেন— ‘খেলাটাকে সম্মান জানিয়ে আগে শেষ করব’

ধর্মতলায় এসআইআর ইস্যুতে ধরনার তৃতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায়। টি-২০ বিশ্বকাপ ফাইনালকে সম্মান জানিয়ে এদিনের কর্মসূচি সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যেই শেষ করার ঘোষণা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ নাম বাদ পড়ার অভিযোগে কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা কর্মসূচির তৃতীয় দিনেও উত্তাপ বজায়। তবে রবিবার টি-২০ বিশ্বকাপের ফাইনালকে মাথায় রেখে ধরনার নির্ধারিত সময়সূচিতে বদল আনার কথা ঘোষণা করলেন তিনি। সন্ধ্যা ৭টায় শুরু হতে চলা ভারত–নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচের কথা মাথায় রেখে এদিনের কর্মসূচি প্রায় দেড় ঘণ্টা আগে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্মতলার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সাধারণত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ধরনা চলার কথা থাকলেও এদিন কর্মসূচি শুরু হবে বিকেল ৩টা ১০ মিনিটে এবং শেষ করা হবে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যেই। তাঁর কথায়, খেলাধুলাকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

মমতা বলেন, “আজ ভারতের খেলা আছে। খেলাটাকে সম্মান জানিয়ে আমরা একটু আগে মিটিং শুরু করব। রমজানও চলছে। সব কিছু মাথায় রেখেই তাড়াতাড়ি শেষ করা হবে। খেলা শুরুর আগেই আজকের মিটিং শেষ করে দেব।”

বাংলার মানুষের খেলাধুলার প্রতি আবেগের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাংলা সবসময় খেলাধুলো ভালোবাসে। আজ ফাইনাল ম্যাচ। আর রাজনীতির খেলা হবে ভোটের সময়।”

ধর্না মঞ্চে এদিন একটি অন্য দৃশ্যও নজর কেড়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ছেলে ও মেয়েকে নিয়ে। মঞ্চে উঠে হাত জোড় করে উপস্থিত সকলকে নমস্কার জানায় অভিষেকের ছোট ছেলে আয়াংশ। তার এই ভদ্র অভিবাদন উপস্থিত সকলের নজর কাড়ে এবং অনেকেই মুগ্ধ হয়ে ওঠেন।

উল্লেখ্য, বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা বা এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ তুলে ধর্মতলায় ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। সেই আবহেই বিশ্বকাপ ফাইনালের দিন ধরনার সময়সূচি বদল করার সিদ্ধান্ত নতুন করে আলোচনায় উঠে এসেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন