নজরবন্দি ব্যুরো: আলিপুরদুয়ারে গিয়ে রাস্তার হতশ্রী দশা দেখে বেজায় চটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত আলিপুরদুয়ার পুরসভাকে নির্দেশ দিলেন রাস্তা মেরামতের জন্য। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে রাত ১০টার সময়ই রাস্তা মেরামতির কাজ শুরু করেন পুরসভা কর্মীরা।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১০ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য


গত বুধবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ দিনের এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। আগামী লোকসভার আগে উত্তরবঙ্গকে পাখির চোখ করে দেখতে চান মুখ্যমন্ত্রী। ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নিজের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শনিবার আলিপুরদুয়ারে যান মমতা। সেখানে গিয়ে দেখেন পুরসভার ৩ ও ১৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে দেড়শো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে। এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এদিন জনসংযোগের মধ্যেই রাস্তার খারাপ অবস্থা দেখে রেগে যান মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি তলব করা হয় আলিপুরদুয়ার পুরসভাকে। রাত ১০টা থেকে শুরু হয় কাজ। নতুন করে পিচ দিয়ে রোলার চালিয়ে রাস্তা মেরামত করা হয়। রবিবার সকাল পর্যন্ত চলে সেই কাজ।



পথশ্রী প্রকল্পের ‘হতশ্রী’ দশা, বিরক্ত মমতা, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে গভীর রাতেই শুরু কাজ
রাস্তা খারাপ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আলিপুরদুয়ার নতুন জেলা। বিশ্ববিদ্যালয়ের পাশের এই রাস্তার অবস্থা নিয়ে আমি জেলা শাসককে বলেছি যাতে দ্রুত মেরামেতি করা হয়। কারণ এখানে পড়ুয়ারা আসেন। তাই রাস্তা এভাবে পড়ে থাকলে হয় না।”

এর আগেই উত্তরবঙ্গের GTA তহবিলে অতিরিক্ত ৭৫ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ ও IT হাব তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।







