নজরবন্দি ব্যুরো: সন্তান হারানোর শোক এখনও টাটকা। যাদবপুরকাণ্ডে নিহত ছাত্রের বাবা-মায়ের সঙ্গে দেখা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে সন্তানহারা দম্পতি নবান্নে এসে পৌঁছান। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মমতা। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথাবার্তা চলে।
আরও পড়ুন: যাদবপুরের হুমকি চিঠিকাণ্ডে নাম জড়ানো অধ্যাপক গ্রেফতার, শ্লীলতাহানির অভিযোগ
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেই কান্নায় ভেঙে পড়েন নিহত পড়ুয়ার বাবা-মা। তাঁরা শোকস্তব্ধ। তবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন দুজনেই। নবান্ন সূত্রে খবর, ১৮ ছুঁই ছুঁই ওই পড়ুয়ার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। নিহত ছাত্রের স্মৃতিতে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ করা হবে। হাসপাতালে বসানো হবে তার মূর্তি। পাশাপাশি সদ্য সন্তানহারা মাকে বাড়ির কাছেই চাকরির আশ্বাস দেওয়া হয়েছে। নিহতের ছোট ভাইয়ের পড়াশোনার খরচ রাজ্য সরকার নেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও সাহিত্যের প্রতি টান থাকায় বাংলা অনার্স নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন নদিয়ার কিশোর। একরাশ স্বপ্ন নিয়ে হস্টেলে পা দিয়েছিলেন। মাত্র দুদিন ক্লাস করেই বাবার কাছে শিক্ষকদের প্রশংসা করেছিলেন। কিন্তু কিছু সময়ের মধ্যেই সব দুঃস্বপ্নে পরিণত হয়। গত ৯ আগস্ট মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে যায় ওই পড়ুয়া। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরদিন (১০ আগস্ট) মৃত্যু হয় তার। পরিবারের তরফে র্যাগিংয়ের অভিযোগ ওঠে।

পুলিশি তদন্ত শুরু হলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। মৃতের মায়ের বয়ানের ভিত্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া সৌরভ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতা করা হয়েছে। তদন্তের মাধ্যমে র্যাগিংয়ের একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে। ঘটনার পর মুখ্যমন্ত্রী মৃতের বাবার সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
যাদবপুরকাণ্ডে নিহত ছাত্রের স্মৃতিতে মূর্তি বসবে হাসপাতালে, মাকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর




