মার্কিন জেল থেকে দেশবাসীর উদ্দেশে কী বার্তা পাঠালেন মাদুরো?

মার্কিন জেল থেকে আইনজীবীর মাধ্যমে দেশবাসীকে বার্তা পাঠালেন নিকোলাস মাদুরো। বললেন, ‘ভেঙে পড়ো না, আমি একজন যোদ্ধা’—ভেনেজুয়েলায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আটল মনোবল, স্পষ্ট বার্তা। মার্কিন জেলে বন্দি অবস্থায়ও দেশবাসীকে হার না মানার আহ্বান জানালেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আমেরিকা থেকে নিজের আইনজীবীর মাধ্যমে পাঠানো এই বার্তা প্রকাশ্যে এনেছেন তাঁর পুত্র ও ভেনেজুয়েলার সাংসদ মাদুরো গুয়েরা। মাদুরোর সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় বার্তা—“চিন্তা করো না। আমি ঠিক আছি। আমি একজন যোদ্ধা।”

ভেনেজুয়েলার শাসকদল ইউনাইটেড সোশালিস্ট পার্টি-র নেতা ও সমর্থকদের উদ্দেশে গুয়েরা জানান, বাবার আইনজীবী তাঁদের আশ্বস্ত করেছেন যে মাদুরো মানসিক ও শারীরিক ভাবে দৃঢ় রয়েছেন। গুয়েরার কথায়, “উনি বলেছেন—আমরা ঠিক আছি, শক্ত আছি। আমাদের নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।”

এই বার্তা এমন এক সময়ে এল, যখন আমেরিকার মাটি থেকে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস-কে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি। এক অনুষ্ঠানে তিনি বলেন, ভেনেজুয়েলার শাসনব্যবস্থা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই—দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোই।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ভোররাতে ভেনেজুয়েলায় দুঃসাহসিক অভিযান চালানোর অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র-এর বিরুদ্ধে। অভিযোগ, প্রেসিডেন্টের নিরাপত্তাবলয় ভেঙে তাঁর বাসভবনের শোয়ার ঘর থেকে মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

এর পরই সশস্ত্র সংগ্রামের ডাক দেন মাদুরো গুয়েরা। একটি অডিও বার্তায় তিনি ভেনেজুয়েলার জনগণকে রাজপথে নামার আহ্বান জানান। যাঁদের ‘বিশ্বাসঘাতকতা’র কারণে মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি, তাঁদের উদ্দেশে গুয়েরার কড়া বার্তা—“ইতিহাসই বলবে কে বিশ্বাসঘাতক। সত্য সামনে আসবেই।”

কঠিন এই সময়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আবেগঘন সুরে মাদুরোর বার্তায় বলা হয়, “আমরা শান্ত আছি। আপনাদের আমাদের রাজপথে দেখতে পাবেন—জনগণের পাশেই মর্যাদার পতাকা ওড়াতে দেখবেন।” সঙ্গে আরও যোগ করেন, “ওরা আমাদের দুর্বল ভাবতে চায়, কিন্তু আমরা কোনও দুর্বলতা দেখাব না।” শেষ পর্যন্ত দৃঢ় প্রতিজ্ঞার সুরে তাঁর বার্তা—“যা ঘটেছে তা আমাকে কষ্ট দিয়েছে, রাগও আছে। কিন্তু আমার মায়ের নামে শপথ—ওরা জিততে পারবে না।”

পুত্রের আগের আহ্বানের পর এ বার বন্দি অবস্থায় বাবার এই বার্তা ভেনেজুয়েলার রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত