নজরবন্দি ব্যুরো: শালবনিতে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনায় এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের বিধায়ক মদন মিত্র। এক সভায় যোগ দিয়ে সংবাদ মাধ্যমের সামনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তৃণমূলের অর্জুন সিংকে নিয়ে কথা বলেন মদন মিত্র।
আরও পড়ুন: জেলা ছাড়তেই বড়সড় সাংগঠনিক রদবদল, কি বলছে তৃণমূল নেতৃত্ব?
শনিবার (২৮ মে) বারাসতের রবীন্দ্রভবনে একটি স্মরণসভায় যোগ দেন মদন মিত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করতে শোনা যায় তাঁকে। মদন মিত্র বলেন, “পুলিশের মধ্যে কোথাও কোথাও সমন্বয়ের অভাব ছিল। পুলিশের গাফিলতির থেকে বড় প্রশ্ন হল সরকারি ক্ষমতায় যাঁরা রয়েছেন তাঁদের বিরুদ্ধেই সরকারি সন্ত্রাসের অভিযোগ ওঠে। বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রায়ই অভিযোগ করছে সরকারি সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। বিরোধীরা দাবি করে বোমা, গুলি মজুত করে রেখেছে শাসকদল। অভিষেকের কনভয়ে হামলার প্রসঙ্গ টেনে মদন মিত্র আরও বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি থাকাকালীন হামলার ঘটনার পর এটা প্রমাণিত আসলে বোমা, বারুদ লুকিয়ে রেখেছিল বিরোধীরাই। পুলিশ সেগুলি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আইনশৃঙ্খলা ঠিক রাখতে পুলিশকে সমস্ত কিছু দিয়ে সহযোগিতা করছেন। তারপরেও এই ধরনের ঘটনা কেন ঘটছে তা পুলিশই ভাল বলতে পারবে।”

ব্যারাকপুরের শুটআউটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। গতকাল সাংবাদিকদের সামনে মদন মিত্র বলেন, “আগে কিছু হলেই আমরা বলতাম, অর্জুন সিং আর বিজেপি গুলি চালাচ্ছে, গণ্ডগোল করছে। কিন্তু এখন তো অর্জুন সিং আমাদের সঙ্গে। ফলে এই মুহূর্তে, অর্জুন সিং গুলি চালাচ্ছে এটা তো আমি বলতে পারছি না। বললে তো থুতু আমার গায়েই পড়বে। কারণ, আমার দল তাঁকে গ্রহণ করেছে।” কামারহাটির বিধায়ক আরও বলেন, “অর্জুন সিং একটা কথা বললে সেটির বিরোধিতা করার ক্ষমতা বা অধিকার আমার নেই। কারণ আমি মুখপাত্রও নই, সাংসদও নই।”

উল্লেখ্য, মুকুল রায়ের পর অর্জুন সিংয়ের বিজেপিতে যাওয়ার জল্পনা চলছিল। মূলত রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর থেকেই রাজনৈতিক মহলে তাঁর দলবদলের সম্ভাবনার খবর উঠছিল। যদিও তৃণমূল নেতা স্পষ্ট জানিয়েছেন, তিনি দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কোথাও যাবেন না। অর্জুন সিং বলেছেন, ” “দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রতিবাদ করতে শিখিয়েছেন। আমি নাটক করি কি না তার জবাব জনগণ দেবে। আমি দিদির সঙ্গে ছিলাম, আছি, থাকব।”
‘থুতু আমার গায়েই পড়বে’, অর্জুন সিংকে নিয়ে কি বললেন মদন মিত্র




