মার্কিন অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দি হওয়ার পর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। দীর্ঘ নীরবতা ভেঙে প্রথমবার প্রকাশ্যে এসে তিনি স্পষ্ট ভাষায় দাবি করলেন—নোবেল শান্তি পুরস্কার আদতে ডোনাল্ড ট্রাম্পেরই পাওয়া উচিত ছিল। তাঁর বক্তব্যে, ৩ জানুয়ারির মার্কিন পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার নয়, গোটা মানবতার ইতিহাসে একটি মাইলফলক।
সোমবার ফক্স নিউজ়কে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো জানান, নোবেল শান্তি পুরস্কার ঘোষণার দিন—১০ অক্টোবর—শেষবার ট্রাম্পের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তার পর আর কোনও যোগাযোগ হয়নি। তবে তা সত্ত্বেও তিনি বিশ্বাস করেন, ট্রাম্পের ভূমিকা শান্তি ও মানবিক মর্যাদার ক্ষেত্রে অনন্য। মাচাদোর ভাষায়,
“আমি যখন নোবেল পাওয়ার খবর পাই, তখনই এই পুরস্কার প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করেছিলাম। কারণ, আমি সত্যিই মনে করি—তিনি এই সম্মানের যোগ্য।”
প্রসঙ্গত, ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া ‘ট্রাম্পপন্থী’ মাচাদোকে ঘিরে এক সময় জল্পনা তৈরি হয়েছিল—মাদুরো সরকারের পতনের পর ভেনেজুয়েলার ক্ষমতার রাশ তাঁর হাতেই যেতে পারে। কিন্তু বাস্তবে তা হয়নি। খোদ ট্রাম্পই জানিয়েছিলেন, নিজ দেশেই মাচাদোর পক্ষে পর্যাপ্ত জনসমর্থন নেই। সেই অবস্থানের কথা মাথায় রেখেই আমেরিকা তাঁকে ক্ষমতায় বসানোর পথে হাঁটছে না।
ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাপ্রবাহের আবহে এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন মাচাদো। দীর্ঘ এক বছরের বেশি সময় আত্মগোপনে থাকার পর গত মাসে তিনি নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে যান। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি যত দ্রুত সম্ভব ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছি।”
মার্কিন সামরিক অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, “৩ জানুয়ারি যা ঘটেছে, তা অর্জন করা অসম্ভব বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু সেই দিন প্রমাণ হয়েছে—স্বৈরতন্ত্র ন্যায়বিচারের কাছে পরাজিত হতে বাধ্য।”
মাচাদোর মতে, ওই দিনটি শুধু ভেনেজুয়েলার ইতিহাসে নয়, বরং মানবতা, স্বাধীনতা ও মানবিক মর্যাদার লড়াইয়েও একটি টার্নিং পয়েন্ট।
ঘটনাচক্রে, অতীতেও ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের সমস্ত পদক্ষেপ প্রকাশ্যে সমর্থন করেছেন মাচাদো। এমনকি কমিউনিস্ট শাসনের অবসান ঘটাতে সামরিক হস্তক্ষেপের পক্ষে সওয়াল করতেও দেখা গিয়েছে তাঁকে। সে কারণেই মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁকেই ভেনেজুয়েলার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক বিকল্প হিসাবে ভাবা হচ্ছিল।
তবে সব জল্পনার ইতি টেনেছে ওয়াশিংটন। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন—ভেনেজুয়েলায় ক্ষমতার হস্তান্তরে মাচাদোর নাম ভাবনায় নেই তাদের। পরিবর্তে সোমবার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এই প্রেক্ষাপটে মাচাদোর মন্তব্য যে ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনীতিতে নতুন করে বিতর্ক উসকে দিল, সে বিষয়ে সন্দেহ নেই।


