রাজ্যে জনকল্যাণমূলক প্রকল্পে একাধিক নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মা ক্যান্টিনে খাবারের তালিকায় বড় পরিবর্তনের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার প্রশাসনিক কাঠামোতেও রদবদলের ইঙ্গিত দিলেন তিনি। মঙ্গলবারের ঘোষণার পর প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে প্রায় ৪০০টি মা ক্যান্টিন চালু রয়েছে। এবার থেকে সপ্তাহে দু’দিন সেখানে ৫ টাকাতেই মিলবে মাছ-ভাত। বাকি পাঁচ দিন আগের মতোই ৫ টাকায় ডিম-ভাত দেওয়া হবে। কম খরচে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত।
শুধু খাদ্য প্রকল্প নয়, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, আয়ুষ সংক্রান্ত কাজকে এবার আলাদা প্রশাসনিক কাঠামোর অধীনে আনা হবে। স্বাস্থ্য দফতর থেকে পৃথকভাবে আয়ুষ বিভাগ কাজ করবে।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পকে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত করার কাজও শুরু হয়েছে। তবে এই রূপান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বর্তমান ব্যবস্থার সুবিধা বন্ধ হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
সরকারের দাবি, সাধারণ মানুষের কাছে পরিষেবা আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতেই এই প্রশাসনিক পুনর্বিন্যাস ও নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দিনে এই ঘোষণাগুলির বাস্তবায়ন কীভাবে এগোয়, এখন সেদিকেই নজর।



