ডানকুনিতে লাক্স কোজির ৬০০ কোটির বিনিয়োগ, দ্বিতীয় ইউনিটের শিলান্যাসে শুভেন্দু; ৯ হাজার কর্মসংস্থানের আশা

হুগলির ডানকুনিতে ১২ লক্ষ বর্গফুট এলাকাজুড়ে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় উৎপাদন ইউনিটের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৬০০ কোটি টাকার এই প্রকল্পে কর্মসংস্থান, শিল্প সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির বার্তা দিল রাজ্য সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগে নতুন সংযোজন। ডানকুনিতে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের ৬০০ কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ১২ লক্ষ বর্গফুট এলাকাজুড়ে গড়ে ওঠা সংস্থার দ্বিতীয় উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রাজ্য সরকারের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পোন্নয়নের পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডি। তাঁর হাতেই আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সূচনা হয়। অনুষ্ঠানে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পরিবহণমন্ত্রী অর্জুন সিং-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পশ্চিমবঙ্গে শিল্পোন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়েছে। তাঁর দাবি, অতীতে রাজ্য ছেড়ে যাওয়া শিল্পপতিদেরও ফের বিনিয়োগে উৎসাহিত করার চেষ্টা করছে সরকার। রাজ্যে কর্মসংস্থান বাড়ানো এবং পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে কাজের সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও তিনি জানান।

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (MSME) প্রসারের পাশাপাশি বন্ধ কারখানাগুলিকে পুনরায় চালু করার উদ্যোগও নেওয়া হবে বলে তিনি দাবি করেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে বলেন, পশ্চিমবঙ্গকে আবার শিল্প বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত করাই সরকারের লক্ষ্য। তাঁর মতে, বিনিয়োগ বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলা ও ব্যবসাবান্ধব পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প প্রসারের মাধ্যমে রাজ্যের রাজস্ব বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রকল্প থেকে বছরে প্রায় ১,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে এবং প্রায় ৯ হাজার কর্মসংস্থান তৈরি হতে পারে। পাশাপাশি রাজ্যে শিল্প, কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদকে ভিত্তি করে একটি শক্তিশালী উন্নয়ন কাঠামো গড়ে তোলার কথাও জানান তিনি।

ডানকুনিতে লাক্স কোজির এই নতুন প্রকল্পকে রাজ্যের শিল্পোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রশাসন। আগামী দিনে আরও বড় বিনিয়োগ টানার ক্ষেত্রে এই প্রকল্প ইতিবাচক বার্তা দেবে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন