অগাস্টের প্রথমেই বড় ধাক্কা। ধাক্কা সোজাসুজি ভারতীয় জনতার হেঁশেলে। সরকারি তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি আজ থেকে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে। আজ থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার আরও দামি হয়ে গেল। সরকারি তেল সংস্থাগুলির জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন শহরে এলপিজি সিলিন্ডারের দাম প্রায় আট টাকা থেকে নয় টাকা বাড়ানো হয়েছে।
বিভিন্ন শহরে দাম বেড়েছে আলাদা আলাদা ভাবে। শেষ রেট অনুযায়ী দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ৬ টাকা ৫০ পয়সা বেড়ে ১৬৫২ টাকা ৫০ পয়সা হয়েছে। জুলাই মাসের শুরুতে দাম ১৯ টাকা কমিয়ে ১৬৪৬ টাকায় নেমে এসেছিল গ্যাসের দাম। একইভাবে, কলকাতায় আজ থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা। আজ থেকে কলকাতায় ১৭৬৪ টাকা ৫০ পয়সার বিনিময়ে একটি ১৯ কেজি গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে। মুম্বাইয়ে সিলিন্ডারের দাম ১৬০৫ টাকা, চেন্নাইতে এর দাম এখন ১৮১৭ টাকা হয়েছে।


দাম বাড়লেও প্রভাব পড়বে না প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের। গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম সর্বশেষ পরিবর্তন করা হয়েছিল মার্চ মাসে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারী দিবস উপলক্ষে এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর ঘোষণা করেছিলেন। তার একদিন আগে ৭ মার্চ এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রেও সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছিল মোদি সরকার। তারপরে মন্ত্রিসভা ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের ৩০০ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছিল। তারপর থেকে ১৪ কেজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
আজ দাম বাড়ল বটে, কিন্তু এর আগে টানা চার মাস ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হচ্ছিল। গত মাসে অর্থাৎ ১ জুলাই থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৩০ টাকা কমানো হয়েছে। জুন মাসে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। ১ মে থেকে ১৯ টাকা কমেছে দাম। যদিও এপ্রিলের আগে টানা তিন মাস বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ছিল।







