আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান যত এগোচ্ছে, ততই বাড়ছে বিতর্ক। সূচি, রেফারিং এবং সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। তবে সেই সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচ লিওনেল স্কালোনি। সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই ধরনের মন্তব্য বরং তাঁর দলের ফুটবলারদের আরও অনুপ্রাণিত করছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্কালোনি বলেন, বিশ্বকাপ জেতার পর থেকেই আর্জেন্টিনাকে ঘিরে নানা বিতর্ক তৈরি করা হচ্ছে। তাঁর মতে, দলের ধারাবাহিক সাফল্য অনেকেই মেনে নিতে পারেন না। তাই বিভিন্ন সময়ে ভিত্তিহীন অভিযোগ তুলে দলকে চাপে ফেলার চেষ্টা করা হয়।
আর্জেন্টিনা কোচের কথায়, “আমরা আগেও এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি। গতবার বিশ্বকাপ জয়ের পরও অনেকেই চাননি আমরা আবার শিরোপা জিতি। কিন্তু এই সমালোচনাই আমাদের আরও ভালো খেলতে উৎসাহ দেয়। আমরা এটাকে বাড়তি প্রেরণা হিসেবেই দেখি।”
স্কালোনি আরও মনে করিয়ে দেন, ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের পরও আর্জেন্টিনাকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। তাঁর দাবি, কয়েক দশক পেরিয়ে গেলেও সেই প্রবণতা বদলায়নি। তিনি বলেন, “আর্জেন্টিনা ভালো খেললেই বিতর্ক তৈরি করার চেষ্টা হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যাঁদের আমাদের সাফল্য সহ্য হয় না।”
বাড়তি সুবিধার অভিযোগও সরাসরি খারিজ করে দিয়েছেন আর্জেন্টিনা কোচ। তাঁর বক্তব্য, বর্তমান ফুটবলে প্রযুক্তির ব্যবহার এতটাই উন্নত যে কোনও দলকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। প্রতিটি সিদ্ধান্ত নির্দিষ্ট নিয়ম মেনেই নেওয়া হয় এবং টুর্নামেন্ট শুরুর আগেই সেই প্রক্রিয়া পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন বিতর্ক নিয়েও বিশেষ গুরুত্ব দিতে চান না স্কালোনি। তাঁর মতে, ছোটখাটো বিষয়কে অযথা বড় করে দেখানো হচ্ছে। তিনি নিজের ফুটবলারদেরও মাঠের বাইরে তৈরি হওয়া বিতর্ক এড়িয়ে শুধুমাত্র খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
কোয়ার্টার ফাইনালে সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে স্কালোনির এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার, সমালোচনার জবাব আর্জেন্টিনা মাঠের পারফরম্যান্স দিয়েই দিতে পারে কি না।






