ভোট অন অ্যাকাউন্ট বাজেটে ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই বাস্তবে রূপ নিল মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্ধিত অর্থ ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বৃহস্পতিবার দুপুর থেকেই রাজ্যের কয়েক লক্ষ মা-বোনের অ্যাকাউন্টে ৫০০ টাকা বাড়তি যোগ হয়ে ১৫০০ ও ১৭০০ টাকা পৌঁছে গিয়েছে—বাকি উপভোক্তাদের টাকাও খুব শীঘ্রই জমা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।
বুধবার বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করেন। বাজেট বক্তৃতায় জানানো হয়, চলতি মাস থেকেই ভাতা মাসে ৫০০ টাকা করে বাড়ছে। বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা পুনর্ব্যক্ত করেন এবং দ্রুত কার্যকর করার আশ্বাস দেন।
এর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা ১২০০ টাকা করে পেতেন। নতুন সিদ্ধান্তে সেই অঙ্ক বেড়ে দাঁড়াল যথাক্রমে ১৫০০ টাকা ও ১৭০০ টাকা। ঘোষণার এক দিনের মধ্যেই টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ায় প্রশাসনিক তৎপরতা নিয়ে ইতিবাচক বার্তা ছড়িয়েছে রাজ্যজুড়ে।
রাজ্য প্রশাসনের দাবি, উপভোক্তাদের সংখ্যা প্রায় ২ কোটি। ইতিমধ্যেই বহু জেলায় বর্ধিত অর্থ জমা পড়েছে, আর যাঁদের অ্যাকাউন্টে এখনও পৌঁছয়নি—তাঁদের টাকাও আগামী দিনের মধ্যেই জমা হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডারের এই বাড়তি সহায়তা নিত্যপ্রয়োজনের খরচ সামলাতে রাজ্যের মা-বোনেদের বড় স্বস্তি দেবে বলেই মনে করছে নবান্ন।



