কোন্নগরে ‘বুলডোজার অ্যাকশন’, বিধায়কের উপস্থিতিতে গুঁড়িয়ে দেওয়া হল টোল অফিস

কোন্নগর আন্ডারপাসে দীর্ঘদিনের টোল আদায়ের অফিস ভাঙল প্রশাসন। বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর উপস্থিতিতে চলল বুলডোজার অভিযান।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কোন্নগর বুলডোজার অ্যাকশন ঘিরে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর উপস্থিতিতে কোন্নগর আন্ডারপাসের সামনে থাকা টোল আদায়ের অফিস ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই টোল আদায়ের অভিযোগ উঠেছিল ওই অফিসের বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, কোন্নগর রেল স্টেশনের আন্ডারপাসে বহু বছর ধরে টোল গেট বসিয়ে টাকা তোলা হচ্ছিল। কিন্তু সেই টোল আদায়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতেই সরব হন স্থানীয় বিজেপি বিধায়ক।

দীপাঞ্জন চক্রবর্তী জানান, নির্বাচিত হওয়ার পর তিনি কোন্নগর পুরসভায় গিয়ে টোল আদায়ের অনুমতি সংক্রান্ত নথি দেখতে চান। তবে পুরসভার পক্ষ থেকে কোনও বৈধ কাগজপত্র দেখানো যায়নি বলেই অভিযোগ তাঁর।

বিধায়কের দাবি, ২০০৮ সালে আন্ডারপাসে টোল আদায়ের জন্য একবার লিজ দেওয়া হয়েছিল। কিন্তু পরে সেই অনুমোদন আর নবীকরণ করা হয়নি। তা সত্ত্বেও বছরের পর বছর ধরে টোল তোলা চলছিল।

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী অনুমোদনহীন সমস্ত টোল আদায় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এরপরই পুলিশকে টোল আদায় বন্ধের নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার বুলডোজার এনে আন্ডারপাসের সামনে থাকা টোল অফিস গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে দাঁড়িয়ে পুরো ভাঙার কাজ তদারকি করেন বিধায়ক নিজেই।

এই প্রসঙ্গে দীপাঞ্জন চক্রবর্তী বলেন, “উত্তরপাড়ায় কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। বেআইনি পার্টি অফিস হোক বা অবৈধ নির্মাণ— সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর স্থানীয়দের একাংশ প্রশ্ন তুলেছেন, শুধু টোল অফিস নয়, এলাকায় থাকা অন্যান্য বেআইনি বহুতলের অবৈধ অংশের বিরুদ্ধেও কবে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থান দেখা গিয়েছে। তিলজলা, হাওড়া থেকে গড়িয়া— একাধিক জায়গায় পুরসভার তরফে বুলডোজার অ্যাকশন চালানো হয়েছে।

গড়িয়াতেও সম্প্রতি একটি ক্লক টাওয়ার ও একাধিক স্থাপনা ভাঙা হয়, যেগুলি বেআইনিভাবে তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে। আদালতের নির্দেশের পরেও দীর্ঘদিন ব্যবস্থা না নেওয়ায় সেই সময় বিতর্ক তৈরি হয়েছিল।

কোন্নগরের এই বুলডোজার অভিযান ঘিরে এখন রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তবে প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা, অনুমোদনহীন নির্মাণ বা অবৈধ আদায়ের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান চলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর