নজরবন্দি ব্যুরো: বছরের শেষে শীত দেরিতে এলেও শেষেরকটা দিনের আবহাওয়ায় মুখে হাসি ফুটেছে শীতপ্রেমীদের। গত রবিবারের পর সোমবারও কলকাতার তাপমাত্রা ছিল ১১-এর ঘরে। ভোরের দিকে কুয়াশায় আচ্ছন্ন চারিদিক। বেলা বাড়তেই ধীরে ধীরে পরিস্কার হচ্ছে আকাশ। তবে জারি শীতের আমেজ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। গতকালও কলকাতার তাপমাত্রা ছিল ১১ ডিগ্রির আশেপাশেই।
আরও পড়ুন: কৃষক আন্দোলনের সমর্থনে এবার কলকাতায় অনশনে বসলেন ১০ রাজনৈতিক বন্দি


গতকাল অর্থাৎ রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪. ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। জানা যায়, ডিসেম্বরের শেষ কটাদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশে পাশে ঘোরাফেরা করবে। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে পারদ নামছে জেলাতেও। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রাই নেমেছে ১০ ডিগ্রির নিচে।
বঙ্গে জাঁকিয়ে শীত, বছরের শেষ সপ্তাহে ঠান্ডার আমেজ রাজ্যে, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলার তাপমাত্রা নামতে পারে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি নিচে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনায় রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরপুর, হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে। শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে।








