কলকাতায় SIR আতঙ্ক ঘিরে ফের চাঞ্চল্য। এনুমারেশন ফর্ম হাতে পেতে দেরি হওয়ায় দীর্ঘদিনের উদ্বেগ থেকেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছেন পূর্ব পুটিয়ারির যমুনা মণ্ডল নামে ৬৭ বছরের এক বৃদ্ধা। পরিবার সূত্রে দাবি, এনুমারেশন ফর্ম না পাওয়ায় তিনি চরম মানসিক অস্থিরতায় ভুগছিলেন।
রাজ্যে শুরু হওয়া বিশেষ নিবিড় সংশোধন বা Special Intensive Revision (SIR) প্রক্রিয়া চলাকালীন এনুমারেশন ফর্ম বিলি হচ্ছে ঘরে ঘরে। কিন্তু যমুনা মণ্ডলের পরিবার সেই ফর্ম পাচ্ছিলেন না। আশপাশের বাড়িতে ফর্ম পৌঁছোলেও তাঁদের দোরগোড়ায় পৌঁছায়নি। এই পরিস্থিতিই তাঁকে আরও অশান্ত করে তোলে।


বৃদ্ধার ছেলে মৃত্যুঞ্জয় মণ্ডল জানান, তাঁর মা আগেই স্নায়ুর সমস্যায় ভুগছিলেন। বারবার বলছিলেন, ফর্ম না পেলে বড় সমস্যা হবে। দুই দিন আগে ফর্ম হাতে পেলেও তাঁর মায়ের আতঙ্ক কমেনি। মানসিক চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে সেই ভয় থেকেই সোমবার নিজের গায়ে আগুন দেন তিনি। দ্রুত এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয়।
পরিবারের দাবি, এনুমারেশন ফর্ম নিয়ে অযথা আতঙ্ক ও ভুল ধারণাই যমুনা মণ্ডলের সাম্প্রতিক মানসিক ভাঙনের অন্যতম কারণ। তাঁরা প্রশ্ন তুলেছেন, এলাকায় অন্যদের আগে ফর্ম বিলি হলেও তাঁদের কেন দেরিতে দেওয়া হল।
দক্ষিণ দমদমেও একই অভিযোগ, আর এক আত্মহত্যা
কলকাতার পরে একই দিনে নতুন করে আর এক মৃত্যুর ঘটনা সামনে এসেছে দক্ষিণ দমদমে। এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ৪৬ বছরের বৈদ্যনাথ হাজরার পরিবারের। জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম অনুপস্থিত ছিল। এই বিষয়টি ঘিরে তিনি কয়েকদিন ধরেই চরম উদ্বেগে ছিলেন।


দুই দিন আগে বাড়ি থেকে মোবাইল রেখে বেরিয়ে যান তিনি। সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে তাঁর চলে যাওয়ার মুহূর্ত। সোমবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, SIR সংক্রান্ত ভুল বোঝাবুঝি ও ভয়ই তাঁকে এই পদক্ষেপে বাধ্য করেছে।
SIR প্রক্রিয়া নিয়ে রাজনীতিতে উত্তাপ
সম্প্রতি SIR শুরুর পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। বহু জায়গায় পরিবারের অভিযোগ—ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের দাবি, জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপির প্ররোচনাতেই এই আতঙ্ক ছড়াচ্ছে। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, শাসকদল নিজেরাই ভুল তথ্য ছড়িয়ে মানুষকে ভয় দেখাচ্ছে।
এই মৃত্যুগুলির পর SIR নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি এখন আরও বাড়ছে। প্রশাসনের তরফে যদিও বারবার জানানো হয়েছে, এনুমারেশন ফর্ম পাওয়া বা না পাওয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই।








