রাজনৈতিক পোস্ট-নেতার সঙ্গে ছবি ডিলিটের নির্দেশ, ভোটের আগে বাহিনীকে কড়া বার্তা CP-র

নির্বাচনের আগে পুলিশের নিরপেক্ষতা বজায় রাখতে কড়া নির্দেশ কলকাতা পুলিশের, সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক পোস্ট ও নেতাদের সঙ্গে ছবি শেয়ার নিষিদ্ধ, লঙ্ঘনে শাস্তির হুঁশিয়ারি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের মুখে নিরপেক্ষতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। বাহিনীর সদস্যদের উদ্দেশে স্পষ্ট নির্দেশ—সোশ্যাল মিডিয়ায় কোনও রাজনৈতিক মতামত নয়, কোনও নেতা বা মন্ত্রীর সঙ্গে ছবি নয়। ইতিমধ্যেই এমন পোস্ট থাকলে তা অবিলম্বে মুছে ফেলতে হবে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের এই নির্দেশ ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই এই নির্দেশ জারি করা হয়েছে। এতদিন বহু পুলিশকর্মী নিজেদের ব্যক্তিগত প্রোফাইলে রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য বা পোস্ট করতেন। এবার সেই প্রবণতায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু রাজনৈতিক লেখা নয়, এমনকি ডিএ (মহার্ঘ ভাতা) সংক্রান্ত ব্যক্তিগত মতামতও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও, শাসক বা বিরোধী—কোনও দলের নেতা-মন্ত্রীদের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এমন কিছু ঘটনার নজির সামনে এসেছে, যেখানে পুলিশকর্মীদের প্রোফাইলে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে ছবি পাওয়া গিয়েছে। সেগুলি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের এক শীর্ষ কর্তার কথায়, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য একটাই—জনসাধারণের মনে পুলিশের নিরপেক্ষতা নিয়ে কোনও প্রশ্ন না ওঠা। নির্বাচনের সময় প্রায়ই অভিযোগ ওঠে, কিছু পুলিশকর্মী নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতদুষ্ট। অনেক সময় সোশ্যাল মিডিয়ার পোস্টই সেই অভিযোগের ‘প্রমাণ’ হিসেবে সামনে আনা হয়।

এই পরিস্থিতি এড়াতেই কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্দেশ অমান্য করলে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভোটের আবহে আবেগের বশে কোনও মন্তব্য বা পোস্ট না করতে বাহিনীকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর