কলকাতা মেট্রোর ১৫টি স্টেশনের নাম বদলের প্রস্তাব, তালিকায় মহানায়ক উত্তম কুমারও

মহানায়ক উত্তম কুমার, কবি সুভাষ, নেতাজি-সহ ১৫টি মেট্রো স্টেশনের নাম সংশ্লিষ্ট এলাকার নামে করার প্রস্তাব। শুক্রবারের বৈঠকে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতার মেট্রো স্টেশনের নাম নিয়ে বড়সড় পরিবর্তনের ভাবনা। মহানায়ক উত্তম কুমার, কবি সুভাষ, নেতাজি, মাস্টারদা সূর্য সেনের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের নামে থাকা একাধিক স্টেশনের নাম বদলে সংশ্লিষ্ট এলাকার নামে রাখার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকারের নামকরণ কমিটি। শুক্রবার কলকাতা পুরসভায় কমিটির প্রথম বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। তবে এখনই কোনও স্টেশনের নাম বদল হচ্ছে না। প্রস্তাবগুলি এখনও চূড়ান্ত হয়নি।

শহরের রাস্তা, পার্ক এবং বিভিন্ন জায়গার নামকরণ ও পুনর্নামকরণের জন্য রাজ্য সরকারের তৈরি কমিটির নেতৃত্বে রয়েছেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামেও পরিচিত। শুক্রবার কলকাতা পুরসভায় বসেছিল সেই কমিটির বৈঠক। উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ, মুখ্যমন্ত্রীর বিশেষ পরামর্শদাতা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব সংঘমিত্রা ঘোষ, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন এবং কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে-সহ অন্য সদস্যরা।

বৈঠক শেষে বিজেপি নেতা তথা কমিটির সদস্য তথাগত রায় জানান, শুধু রাস্তা বা পার্ক নয়, কলকাতা মেট্রোর কয়েকটি স্টেশনের নাম নিয়েও আলোচনা হয়েছে। তাঁর বক্তব্য, বিশিষ্ট ব্যক্তিদের নামে স্টেশনের নাম থাকায় অনেক সময় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। সেই সমস্যা এড়াতে সংশ্লিষ্ট এলাকার নামেই স্টেশনগুলির নাম রাখার সুপারিশ করা হবে।

তথাগতর কথায়, মেট্রো স্টেশনগুলির নামের প্রস্তাব চূড়ান্ত করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানিয়েছেন। অর্থাৎ, আপাতত কমিটির প্রস্তাবের স্তরেই রয়েছে বিষয়টি। নাম বদলের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

কোন কোন মেট্রো স্টেশনের নাম বদলের প্রস্তাব?

কমিটির আলোচনায় উঠে এসেছে মোট ১৫টি মেট্রো স্টেশনের নাম। প্রস্তাব অনুযায়ী, নেতাজি ভবন স্টেশনের নাম হতে পারে ভবানীপুর। মহানায়ক উত্তম কুমার স্টেশনের নাম বদলে টালিগঞ্জ করার প্রস্তাব রয়েছে। নেতাজি স্টেশনের নতুন নাম হতে পারে কুদঘাট এবং মাস্টারদা সূর্য সেন স্টেশনের নাম বাঁশদ্রোণী করার কথা ভাবা হচ্ছে।

একইভাবে গীতাঞ্জলি স্টেশনের নাম নাকতলা, কবি নজরুলের নাম গড়িয়া মোড় এবং শহিদ ক্ষুদিরাম স্টেশনের নাম প্রণবনগর করার প্রস্তাব দেওয়া হয়েছে। কবি সুভাষ স্টেশনের ক্ষেত্রে প্রস্তাবিত নাম নিউ গড়িয়া। সত্যজিৎ রায় স্টেশনের নাম পঞ্চসায়র করার কথাও উঠেছে।

এ ছাড়াও জ্যোতিরীন্দ্র নন্দী স্টেশনের নাম মুকুন্দপুর, কবি সুকান্তের নাম কালিকাপুর, হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের নাম আনন্দপুর, ঋত্বিক ঘটক স্টেশনের নাম তপসিয়া, বরুণ সেনগুপ্ত স্টেশনের নাম পরমা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের নাম চিংড়িঘাটা করার প্রস্তাব রয়েছে।

তবে এই তালিকার কোনও নামই এখনও সরকারি ভাবে অনুমোদিত নয়। কমিটির সুপারিশের পর রাজ্য সরকার এবং রেল কর্তৃপক্ষের মধ্যে প্রয়োজনীয় আলোচনা ও অনুমোদনের প্রক্রিয়া বাকি রয়েছে।

মেট্রোর বক্তব্য কী?

নাম বদলের প্রস্তাব নিয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্টেশনের নাম নির্ধারণের ক্ষেত্রে তাদের সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ভূমিকা নেই। রাজ্য সরকারের কাছ থেকে প্রস্তাব এলে রেল বোর্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক পূর্ণচন্দ্র দাস জানিয়েছেন, এই বিষয়ে এখনও তাঁদের কাছে কোনও আনুষ্ঠানিক তথ্য পৌঁছয়নি।

অর্থাৎ, কমিটি প্রস্তাব পাঠালেই যে স্টেশনগুলির নাম বদলে যাবে, এমন নয়। রাজ্য সরকারের সুপারিশের পাশাপাশি রেল বোর্ডের অনুমোদনও প্রয়োজন। তাই মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ—পরিচিত নামগুলির পরিবর্তন এখনই নিশ্চিত নয়।

শুধু মেট্রো স্টেশন নয়, কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল নিয়েও শুক্রবারের বৈঠকে আলোচনা হয়েছে। লেনিন সরণি, বিশ্ব বাংলা সরণি এবং স্ট্র্যান্ড রোডের মতো রাস্তার নাম নিয়েও প্রস্তাব সামনে এসেছে। কমিটির পরবর্তী বৈঠক ৯ ডিসেম্বর। সেখানেই নামকরণ সংক্রান্ত আলোচনা আরও এগোতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর