রেসকোর্সের নীচে সফলভাবে সুড়ঙ্গ পার, পার্পল লাইনে গতি—ভিক্টোরিয়ার পথে ‘দুর্গা’

জোকা–বিবাদী বাগ মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি। রেসকোর্সের নীচ দিয়ে নিরাপদে সুড়ঙ্গ পার করল টিবিএম ‘দুর্গা’, ভিক্টোরিয়ার পথে এগোচ্ছে কাজ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা মেট্রোর বহু প্রতীক্ষিত জোকা–বিবাদী বাগ করিডরে বড় সাফল্য। শহরের অন্যতম ঐতিহ্যবাহী ল্যান্ডমার্কের নীচ দিয়ে নিরাপদে সুড়ঙ্গ খুঁড়ে এগিয়ে গেল টানেল বোরিং মেশিন। আধিকারিকদের দাবি, নির্ধারিত সময়সীমা মেনেই এগোচ্ছে পার্পল লাইনের কাজ—যা দক্ষিণ কলকাতা থেকে মধ্য শহরের যোগাযোগে যুগান্তকারী বদল আনতে চলেছে।

জোকা–বিবাদী বাগ মেট্রো প্রকল্প, অর্থাৎ Kolkata Metro Purple Line-এর নির্মাণকাজ দ্রুতগতিতে এগোচ্ছে বলে জানিয়েছে প্রকল্পের দায়িত্বে থাকা Rail Vikas Nigam Limited (আরভিএনএল)। সংস্থার আধিকারিকদের কথায়, খিদিরপুর থেকে জুলাই মাসে এসপ্ল্যানেড অভিমুখে সুড়ঙ্গ খোঁড়া শুরু করে টিবিএম Durga। নভেম্বর নাগাদ যন্ত্রটি পৌঁছয় Royal Calcutta Turf Club-এর নীচে। সব রকম নিরাপত্তা ও প্রযুক্তিগত সতর্কতা বজায় রেখে রেসকোর্স এলাকা ইতিমধ্যেই পার করেছে ‘দুর্গা’।

রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের নীচ দিয়ে সুড়ঙ্গের মোট দৈর্ঘ্য ছিল প্রায় ৬০০ মিটার। মাত্র দু’মাসে সেই অংশ সফলভাবে অতিক্রম করে এখন Victoria Metro Station-এর দিকে এগোচ্ছে টিবিএম। ১৮৪৭ সালে প্রতিষ্ঠিত কলকাতা রেসকোর্স এবং ১৯০১–০২ সালে নির্মিত হেরিটেজ স্ট্যান্ডগুলোর নীচ দিয়ে কাজ হওয়ায় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়েছে। নকশা অনুযায়ী, কোনও কাঠামোগত ক্ষতি না করেই সুড়ঙ্গ খোঁড়া হয়েছে বলে দাবি আরভিএনএল-এর।

প্রকল্প সূত্রে জানা গিয়েছে, খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত টানেল নির্মাণের প্রথম ধাপ শেষ করার লক্ষ্য ধরা হয়েছে ২০২৬ সালের ডিসেম্বর। তার আগেই, ২০২৬ সালের জুন মাসে ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছবে ‘দুর্গা’। জোড়া সুড়ঙ্গের অপর অংশের দায়িত্বে থাকা সহযোগী টিবিএম Divya ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ ভিক্টোরিয়া পৌঁছবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ‘দিব্যা’ টালি নালা পর্যন্ত এসেছে এবং ফেব্রুয়ারিতে আরসিটিসি এলাকায় পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।

আরভিএনএল জানিয়েছে, পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গের কাজ শেষ করার ডেডলাইন ধরা হয়েছে ২০২৭ সালের মার্চ। খিদিরপুরের সেন্ট থমাস বয়েজ় স্কুলের মাঠে তৈরি বিশেষ শ্যাফট দিয়ে দু’টি টিবিএম নামানো হয়েছিল। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মোট ১.৭ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ তৈরি হলেই এই দুই টিবিএম-এর কাজ শেষ হবে। উল্লেখযোগ্যভাবে, পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে টিবিএম নয়, অন্য প্রযুক্তিতে সুড়ঙ্গ নির্মাণ হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর