মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়ির গলি অর্থাৎ হরিশ মুখার্জি রোডে প্রবেশের পথে পুলিশি বাধার সম্মুখীন হলেন কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম! বৃহস্পতিবার ভবানীপুর অঞ্চলে বাম কর্মী সমর্থকদের নিয়ে ভোটের প্রচারে বেরিয়েছিলেন তিনি। হরিশ মুখার্জি রোডে ঢোকার মুখেই তাঁদের বাধা দেয় পুলিশ। বলা হয় এই রোডে জারি রয়েছে ১৪৪ ধারা!

যদিও প্রচারে বাধা পেয়ে সায়রা বলেছেন, “পুলিশ ভয় পাচ্ছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। এটা তো বাংলা। এটা কাশ্মীর নয়! এই রাস্তায় আবার কিসের ১৪৪ ধারা?” অনেকেই জানেন, হরিশ মুখার্জি রোডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান। যে কারণে সবসময়ই সেখানে অতিরক্ত নিরাপত্তার মোতায়েন করা থাকে।

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রচারে নামছেন বিভিন্ন দলের প্রার্থীরা। কলকাতা দক্ষিণে তিন জনই মহিলা মুখ। এখানে সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম, তৃণমূলের তরফে দাঁড়িয়েছেন মালা রায় এবং বিজেপির দেবশ্রী চৌধুরী। একেবারে শেষ দফায় ১ জুন এই কেন্দ্রের ভোটগ্রহণ। শেষ হাসি কে হাসবে তা জানা যাবে ৪ জুন।




