নজরবন্দি ব্যুরোঃ রবিবার সকাল থেকে কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে চলছে ভোট দান পর্ব। চলছে লালবাড়ি দখলের লড়াই, এরই মধ্যে একাধিক জায়গায় অশান্তির অভিযোগ উঠে আসছে। সকাল ৯ টা অবধি ভোটের হার ৪.৩৭ শতাংশ।
জোড়াবাগান এলাকায় ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিতকে হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ Weather Update: শীতের আমেজ পুরভোট, আজকের দিন কেমন থাকবে তা নিয়ে কি বলছেন হাওয়া অফিস
ভোট শুরু হতেই উত্তেজনা ছড়াল কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডে। ভোট চলাকালীনই সিসিটিভি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলেছেন ৩৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নন্দন ঘোষ। বেলেঘাটায় ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাইস্কুলের সামনে বোমাবাজি। পরপর দুটি বোমা পড়ে। বিকট আওয়াজে দিশেহারা হয়ে পড়েন ভোটাররা।
পোস্তায় ২২ নম্বর ওয়ার্ডে ১৯ নম্বর বুথে ভুয়ো ভোটার ধরার দাবি বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের। প্রশ্নের মুখে দৌড়ে পালায় ২ জন।
উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডের হাসপাতালের ছাদে বিরিয়ানি রান্না করে বিলি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ওই জায়গায় উপস্থিত হন তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী।
মেটিয়াবুরুজে ১৩৭ নম্বর ওয়ার্ডে ৬টি বুথে দরজা বন্ধ করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস ও নির্দল প্রার্থীর অভিযোগ, পুলিশের সামনেই বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।
কসবা বোসপুকুর এলাকায় ৬৭ নম্বর ওয়ার্ডে সিপি(আই)এম এজেন্টের বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এজেন্টের বাড়ি যান সিপিএম প্রার্থী দীপু দাস। নিষ্ক্রিয় পুলিশ, দাবি বাম প্রার্থীর।
পোস্তার একটি বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল ও নির্দল প্রার্থীর এজেন্টরা।
তালতলা এলাকায় ৫৩ নম্বর ওয়ার্ডে পুলিশের সামনেই তৃণমূল ও কংগ্রেস কর্মীদের হাতাহাতি। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেসের। ভোটারদের প্রভাবিত করার পাল্টা অভিযোগ তৃণমূলের।
গাঙ্গুলিবাগানে ১০১ নম্বর ওয়ার্ডে কলতান কমিউনিটি সেন্টারে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ সিপিএম প্রার্থী অতনু চট্টোপাধ্যায়ের। এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ।১০১ নম্বর ওয়ার্ডে কেন্দুয়া গার্লস হাইস্কুলে বুথ দখলের অভিযোগ। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনায় রিপোর্ট তলব করল রাজ্য নির্বাচন কমিশন।
চলছে লালবাড়ি দখলের লড়াই, রিপোর্ট তলব কমিশনের

উল্টোডাঙায় ১৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী বিরতি দত্তকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি শাসক শিবিরের।
পুরভোটের সকাল থেকেই অশান্তি। শিয়ালদহে কংগ্রেসের পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ বিষয়ে এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।



