দিল্লি বিধানসভা ভোট নিয়ে রাজনীতির ময়দানে তীব্র উত্তেজনা। আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়ালের ‘একলা চলো’ বার্তার পর কংগ্রেস সক্রিয় হয়ে উঠেছে। প্রার্থিতালিকা চূড়ান্ত করতে বৃহস্পতি বার বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধী এবং দলের কোর কমিটির সদস্যরা।
কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্রের খবর, চলতি সপ্তাহেই দিল্লি বিধানসভা ভোটের প্রথম দফার প্রার্থিতালিকা প্রকাশ করা হবে। জানুয়ারি মাসের মধ্যে সমস্ত প্রার্থীর নাম ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
কংগ্রেসের নজর আপ এবং বিজেপি থেকে টিকিট না পাওয়া নেতাদের দিকে। ইতিমধ্যেই উত্তর-পূর্ব দিল্লির সীলমপুর আসনের আপ বিধায়ক আব্দুল রহমান কংগ্রেসে যোগ দিয়েছেন। সম্ভাবনা রয়েছে, তাঁকে ওই আসনে কংগ্রেস প্রার্থী করা হতে পারে।
২০২০ সালের বিধানসভা নির্বাচনে আপ ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল, বিজেপি পেয়েছিল মাত্র ৮টি আসন। সেই তুলনায় কংগ্রেসের ফল শূন্য। লোকসভা ভোটে আপ-কংগ্রেস জোট সত্ত্বেও, দিল্লির সাতটি আসনেই জিতেছিল বিজেপি। আপের বর্তমান অবস্থান: দিল্লি বিধানসভা ভোটে একক শক্তিতেই লড়াই করবে।
আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া অরবিন্দ কেজরীওয়ালের পরিবর্তে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আতিশী মার্লেনা। কেজরীওয়ালের দল ইতিমধ্যেই দুই দফায় ৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দিল্লি বিধানসভা ভোট ফেব্রুয়ারিতে হওয়ার কথা, ডিসেম্বরে ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হতে পারে।



