নজরবন্দি ব্যুরো: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের মুখে বাড়ছে কংগ্রেস-বিজেপির সংঘাত। একদিকে বিজেপির ক্ষমতা দখলের লড়াই অন্যদিকে বামেদের সঙ্গে জোট বেধে বিজেপিকে হারানোর মরিয়া চেষ্টা কংগ্রেসের। এরইমাঝে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে ‘বিষকন্যা’ বলে আক্রমণ করলেন কর্ণাটকের বিজেপি বিধায়ক বাসানাগৌড়া।
আরও পড়ুন: Karnataka Polls: বাংলার বাইরে বাম-কংগ্রেস জোট, হাত শিবিরকে নিঃশর্ত সমর্থন লালঝান্ডার



সম্প্রতি এক সভায় বিজেপি বিধায়ক বলেন, “গোটা বিশ্ব প্রধানমন্ত্রী মোদীকে গ্রহণ করেছে। একসময় আমেরিকা তাঁকে ভিসা দিতে অস্বীকার করেছিল কিন্তু এখন মোদীকে স্বাগত জানাতে রেড কার্পেট বিছিয়ে দেন। তারা (কংগ্রেস) মোদীকে কোবরার সঙ্গে তুলনা করে বলছেন যে তিনি নাকি বিষ ছড়িয়েছেন। তাহলে কি সনিয়া গান্ধী বিষকন্যা? চীন এবং পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করেছিলেন সনিয়া।”

নির্বাচনের আগে বাড়ছে সংঘাত, ফের দ্বন্দ্বে কংগ্রেস-বিজেপি
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেছিলেন, “মোদী বিষাক্ত সাপের মত।” এর পাল্টা জবাবেই সনিয়া গান্ধীকে ‘বিষকন্যা’র সঙ্গে তুলনা করেন বিজেপি বিধায়ক। ইতিমধ্যেই খাড়গের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও কংগ্রেস সভাপতি নিজের সাফাইতে জানিয়েছেন, তিনি কেবল মোদীকে একা নয় ভারতীয় জনতা পার্টিকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছিলেন।



কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে ‘বিষকন্যা’র সঙ্গে তুলনা, এ প্রসঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল নিন্দা জানিয়ে বলেন, “কর্ণাটকের বিজেপি বিধায়ক সনিয়া গান্ধীকে ‘বিষকন্যা’ বলেছেন। এখন সাধারণ মানুষ জানতে চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয় কি বলবেন?”







