নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে সোমবার অর্থাৎ আজ আদালতে পেশ করা হয়। এদিন দুপুরেই সিজিও কমপ্লেক্স থেকে মন্ত্রীকে বের করার সময় তিনি জানিয়েছিলেন তিনি ভালো নেই। তবে তারপরই আদালতে ঢোকার মুখে মন্ত্রী আবারও বললেন, “আমি মুক্ত, আমি নির্দোষ। ইডি বুঝতে পেরেছে।” কিন্তু এদিন আদালতে জামিনের আবেদন করলেন না জ্যোতিপ্রিয়। শুনানি চলাকালীন সওয়াল জবাবের পর রায়দান স্থগিত রাখেন বিশেষ পিএলএমএ আদালতের বিচারক।
আরও পড়ুন: বামেদের ইনসাফ যাত্রায় মীনাক্ষীর মুখে ফের একবার কেন্দ্র-রাজ্য সেটিং তত্ত্ব
সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার পর দুপুরে আদালতে পেশ করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। শুনানি শুরু হলে দেখা যায় তাঁর জামিনের আবেদন করা হয় না। তবে জ্যোতিপ্রিয়র আইনজীবীরা তাঁর স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে সঠিক চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানান। ধৃত মন্ত্রীর অভিযোগ, কম্যান্ড হাসপাতালকে যে মেডিক্যাল বোর্ড গঠন করতে বলা হয়েছিল তা করা হয়নি। যদিও আদালতে এই তথ্য অস্বীকার করে ইডির আইনজীবী।

এদিন আদালতে জ্যোতিপ্রিয় আইনজীবী আরও বলেন, মন্ত্রীকে রাজনৈতিকভাবে ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে। পাল্টা ইডির আইনজীবী জ্যোতিপ্রিয়র স্বাস্থ্যের একটি রিপোর্ট আদালতে জমা দেন। উল্লেখ করেন, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়কে ১০ দিনের জন্য হেফাজতে পাঠিয়েছিল আদালত। তার মধ্যে ৭ দিন তিনি হাসপাতালে ছিলেন। ফলে মাত্র ৩ দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পেরেছেন তদন্তকারীরা। তাই তাঁকে আরও ৭ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানায় ইডি। দুপক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখেন বিচারক।

উল্লেখ্য, গ্রেফতার হওয়ার পরেই বালু দাবি করেছিলেন, “চার দিনের অপেক্ষা। আমি মুক্ত হয়েই গিয়েছি।” বালুর এহেন মন্তব্যে জল্পনা শুরু হয়েছিল যে, মন্ত্রী এমন কি করবেন? তাহলে কি আসল দোষীদের প্রকাশ্যে আনবেন তিনি? আর সেই জল্পনা উস্কে এদিন ফের ঢোকার মুখে মন্ত্রী আবারও বললেন, ‘আমি মুক্ত, আমি নির্দোষ। ১১ দিনে ইডি বুঝতে পেরেছে আমি নির্দোষ। ইডি বুঝতে পেরেছে আমি দোষী নই।”
জামিন নয়, সঠিক চিকিৎসার আবেদন জানান জ্যোতিপ্রিয়, আদালতে মন্ত্রীকে ফের হেফাজতে চাইল ED




