ক্ষমতায় বসেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই রাজ্যের মদ বিক্রি নিয়ন্ত্রণকারী সংস্থা TASMAC-কে ঘিরে বিস্ফোরক বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, মদের ব্যবসা থেকে অর্জিত প্রতিটি টাকা সরাসরি রাজ্যের কোষাগারে জমা পড়তে হবে, কোনওভাবেই ‘পার্টি ফান্ড’ বা বেআইনি আর্থিক লেনদেন চলবে না।
শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ক্যাবিনেট বৈঠকে TASMAC-এর আর্থিক কার্যকলাপ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন বিজয়। দীর্ঘদিন ধরে এই সংস্থাকে ঘিরে দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং রাজনৈতিক তহবিল তৈরির অভিযোগ উঠছিল।


তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা TASMAC রাজ্যের মদের পাইকারি ও খুচরো বিক্রির উপর কার্যত একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রাখে। রাজ্যের রাজস্ব আয়ের অন্যতম বড় উৎস হওয়ায় এই সংস্থার আর্থিক স্বচ্ছতা নিয়ে নতুন সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
প্রশাসনিক সূত্রের দাবি, প্রতি মাসে প্রায় ১০২ কোটি টাকা TASMAC-এর বিভিন্ন স্তর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। গত পাঁচ বছরে এই অঙ্ক প্রায় ১,৬০০ কোটি টাকায় পৌঁছেছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন শাসক দল DMK-র ভূমিকা নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
বর্তমানে তামিলনাড়ু জুড়ে TASMAC-এর ৪,০৪৮টি নিবন্ধিত আউটলেট রয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, খুচরো ও পাইকারি বিক্রির নেটওয়ার্ক ব্যবহার করে যে কোনও ধরনের আর্থিক অনিয়ম বা অর্থ পাচারের পথ অবিলম্বে বন্ধ করতে হবে।


রাজ্যের আবগারি মন্ত্রী কে ভিগনেশ জানিয়েছেন, ক্যাবিনেট বৈঠকে বিজয় স্পষ্ট করে দিয়েছেন যে দুর্নীতির টাকা বা সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থের বিনিময়ে সরকারের রাজস্ব বৃদ্ধির কোনও প্রয়োজন নেই। জনগণের অর্থ জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে এবং সমস্ত বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত করতে হবে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই জোসেফ বিজয় রাজ্যের মন্দির, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা সরকারি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি ৭১৭টি মদের দোকান স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছিল।
তামিলনাড়ুকে মাদকমুক্ত করার যে প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারে দিয়েছিলেন বিজয়, ক্ষমতায় আসার পর তার বাস্তবায়নে ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছেন তিনি। TASMAC-এ দুর্নীতির বিরুদ্ধে এই কড়া অবস্থান সেই বৃহত্তর অভিযানেরই গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছে রাজনৈতিক মহল।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



