টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। ক্রিকেটবিশ্বে শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণী। এই আবহেই মন্তব্য করলেন ভারতের প্রাক্তন প্রধান কোচ জন রাইট। একসময় যিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দলের ‘হেডস্যর’ ছিলেন, সেই রাইট এবার ফাইনালে সমর্থন জানাচ্ছেন নিজের দেশ নিউজিল্যান্ডকেই। তাঁর মতে, এবারই বিশ্বকাপ জেতার সেরা সুযোগ কিউয়িদের সামনে।
২০০৩ সালের বিশ্বকাপে জন রাইটের কোচিংয়েই ভারত ফাইনালে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে। সেই স্মৃতি এখনও ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা। এবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে আবারও ভারত লড়ছে ট্রফির জন্য, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।


ফাইনালের আগে রাইট বলেন, তিনি ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁর মতে, নিউজিল্যান্ডের জন্য এটাই বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও বিশ্বকাপ জয়ের স্বাদ এখনও পায়নি কিউয়িরা। তাই এবার সেই আক্ষেপ মেটানোর আশা করছেন তিনি।
রাইট জানান, বর্তমানে তিনি নিউজিল্যান্ডেই রয়েছেন এবং সেখানে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিশ্বকাপ নিয়ে প্রবল উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অনেকেই রাত জেগে ম্যাচ দেখার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর মতে, এবার নিউজিল্যান্ডের দল বেশ ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী।
নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের নেতৃত্বেরও প্রশংসা করেছেন রাইট। তাঁর মতে, স্যান্টনার অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে দল পরিচালনা করছেন এবং অধিনায়ক হিসেবে ভালো সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে ভারতের জন্য ফাইনালের লড়াই মোটেও সহজ হবে না বলেই মনে করছেন তিনি।


তবে ভারতের প্রতি তাঁর আবেগের কথাও এদিন উল্লেখ করেন প্রাক্তন কোচ। রাইট বলেন, ভারত সবসময় তাঁর হৃদয়ের কাছাকাছি থাকবে। বর্তমান ভারতীয় দলে মুম্বইয়ের কয়েকজন ক্রিকেটার রয়েছেন এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও ভালো নেতৃত্ব দিচ্ছেন বলে মনে করেন তিনি।
রাইটের মতে, দুই দলের কাছেই ম্যাচ জেতার যথেষ্ট সুযোগ রয়েছে। তাই আহমেদাবাদের ফাইনালটি হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে ‘ছাত্র’ ভারত নয়, মাতৃভূমি নিউজিল্যান্ডের পক্ষেই গলা ফাটাবেন তিনি।
উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। ফলে রবিবারের ফাইনালে সেই পরিসংখ্যান বদলাতে পারে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেটবিশ্ব।








