নজরবন্দি ব্যুরোঃ আইএসএলে এই মরসুমে প্রথম হারের মুখ দেখল এটিকে-মোহনবাগান। হাড্ডাহাড্ডি লড়াই শেষে এই সিজনে প্রথম হারের মুখ দেখল এটিকে মোহনবাগান। শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়েছিল তারা। কিন্তু জামসেদ এফসির সামনে শেষরক্ষা হল না। খেলা শেষের বাঁশি বাজার ১০ মিনিট আগে গোল করে দলের হয়ে ব্যবধান কমায় রয় কৃষ্ণ। কিন্তু তার আগেই দুই গোল দিয়ে বসে আছে জামসেদপুর। শেষমেষ ২-১ গোলেই হারতে হল মোহনবাগানকে।
আরও পড়ুনঃ সুশান্ত মৃত্যু মামলায় নয়া মোড়, দায়ের হল জনস্বার্থ মামলা


তিনটি ম্যাচ পরপর জয়ের পরে হারের মুখ দেখল হাবাসের ছেলেরা। এই সিজনে এই প্রথম মোহনবাগানের ডিফেন্সকে নড়বড়ে দেখাল। আজ খানিকটা কৌশল বদলেছিলেন হাবাস। অন্যদিন প্রথমার্ধটা সাবধানে খেলে দ্বিতীয়ার্ধে আক্রমণে যেত মোহনবাগান। কিন্তু আজ শুরু থেকেই আক্রমণে যায় দল। যদিও খেলোয়াড়দের মধ্যে যোগাযোগের অভাব ধরা পড়ছিল। সেই সুযোগে ৩০ মিনিটের মাথায় গোল করে যায় জামসেদপুর এফসি। মোহনবাগানের অন্যতম স্টার ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘান জামসেদপুরের ভালকিসকে বক্সে অরক্ষিত ছেড়ে রেখেছিলেন, সেই চান্সেই গোল করে গিয়েছেন ভালকিস।
অন্যতম গোলমেশিন ভালকিসকে আটকানোর জন্য হাবাসের যা পরিকল্পনা নেওয়ার কথা ছিল, তেমন কিছুই চোখে পড়েনি। অন্যদিকে জামশেদপুর এফসি-র কোচ ওয়েন কয়েল দলের রক্ষণকে জমাট রেখে আক্রমণে গিয়েছেন, আর তাতেই হয়েছে বাজিমাত। মোহনবাগান গোটা ম্যাচেই আক্রমণে গিয়েছে। কিন্তু ডিফেন্সের ফাঁকফোকরই তাদের আজ ডোবাল। দ্বিতীয়ার্ধে যখন মরিয়া হয়ে মোহনবাগান আক্রমণ করছে জামসেদপুরের বক্সে তখন বেশ ভালোই লাগছিল তাদের অ্যাটাকিং লাইনকে। কিন্তু গোল ওপেন হল না। বরং কর্নার থেকে ফের গোল করে গেলেন সেই ভালকিস।
আইএসএলে এই মরসুমে প্রথম হারের মুখ দেখল এটিকে-মোহনবাগান। খেলার শেষ আধঘন্টা কৃষ্ণ ও প্রবীরের যুগলবন্দী জামশেদপুর রক্ষনকে রীতিমত পরীক্ষায় ফেলে দিয়েছিল কিন্তু সবকিছু করেও একটার বেশি গোল পেল না মোহনবাগান। হারতে হল সেই এক গোলের ব্যবধানেই। মরসুমের শুরুটা দারুন করেছে দল। হারিয়েছে চির প্রতিদ্বন্দী ইস্টবেঙ্গলকেও তাই আজকের এই হার সমর্থকদের কাছে অপ্রত্যাশিত হলেও তাদের আশা পরের ম্যাচেই আবার চেনা ছন্দে ফিরবে দল।









