IPL 2026 নিলাম, মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটিতে দলে নিল কলকাতা নাইট রাইডার্স

মিনি নিলামে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে চেন্নাই–দিল্লির লড়াই শেষে শেষ হাসি কেকেআরের; বিদেশি পেস আক্রমণ আরও শক্তিশালী করল নাইটরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএল ২০২৬ মিনি নিলামে (IPL 2026 Auction) অন্যতম বড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে তুলে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত এই নিলামে মুস্তাফিজকে নিয়ে কার্যত বিডিং যুদ্ধ দেখা যায়।

মুস্তাফিজের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। শুরুতে তাঁকে দলে নেওয়ার জন্য লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংসদিল্লি ক্যাপিটালস। দর দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি ঘুরে যায় যখন নিলামে প্রবেশ করে কেকেআর। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীদের টপকে ৯.২০ কোটিতে ‘কাটার মাস্টার’-কে নিজেদের শিবিরে নেয় কলকাতা।

নাইট শিবিরের কাছে মুস্তাফিজের গুরুত্ব আলাদা। ডেথ ওভারে তাঁর স্লোয়ার কাটার এবং অভিজ্ঞতা আইপিএলের মঞ্চে বহুবার ম্যাচ ঘুরিয়েছে। কেকেআরের পেস আক্রমণে মাথিশা পাথিরানা, ক্যামেরন গ্রিন-এর সঙ্গে মুস্তাফিজ যোগ দেওয়ায় বোলিং বিভাগ আরও ধারালো হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একই পর্বে কেকেআর ১.৫ কোটি টাকায় টিম সেইফার্টকেও দলে নিয়েছে। তবে নিলামের এই ধাপে ড্যারিল মিচেল, জস ইংলিশ, কাইল জেমিসন, লুঙ্গি এনগিডি-র মতো একাধিক পরিচিত নাম অবিক্রীতই থেকে যান।

উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশি আর এক পেসার তাসকিন আহমেদ এই নিলামে দল পাননি। অন্যদিকে, পাঞ্জাব কিংস কুপার কনোলিকে ২ কোটিতে দলে নিয়েছে এবং মঙ্গেশ যাদবকে আরসিবি নিয়েছে ৫.২০ কোটিতে।

সব মিলিয়ে, মুস্তাফিজকে দলে নিয়ে কেকেআর যে তাদের বোলিং শক্তিকে আইপিএল ২০২৬-এর আগে আরও মজবুত করল, তা নিয়ে দ্বিমত নেই ক্রিকেটমহলে। নাইট ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে নিলামের অন্যতম সুখবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত