দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে বড় বদলের ইঙ্গিত! বাদ পড়তে পারেন অংশুল কাম্বোজ, কপাল খুলবে কার?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় একাদশে পরিবর্তনের সম্ভাবনা। প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় বাদ পড়তে পারেন অংশুল কাম্বোজ। তাঁর জায়গায় গুরনুর ব্রারকে খেলানোর কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে ভারত। ফলে শুক্রবার থেকে শুরু হতে চলা ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্ট কার্যত সিরিজ নির্ধারক হয়ে উঠেছে। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে পেসার অংশুল কাম্বোজের (Anshul Kamboj) পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর পরিবর্তে গুরনুর ব্রারকে (Gurnoor Brar) খেলানোর কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের ব্যাটারদের বিরুদ্ধে প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। বেসিন রিজার্ভের ব্যাটিং সহায়ক উইকেটে দুই ইনিংসেই রান তুলতে সুবিধা হয়েছে কিউয়ি ব্যাটারদের। তীব্র রোদ এবং পাটা পিচের কারণে ভারতীয় পেসারদের জন্য উইকেট পাওয়া কঠিন হয়ে পড়েছিল। এবার হ্যাগলে ওভালেও আবহাওয়া ও পিচের চরিত্র নিয়ে চিন্তায় টিম ইন্ডিয়া। আগামী কয়েকদিন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। ফলে ম্যাচ যত এগোবে, পিচ ততটাই ব্যাটিং সহায়ক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা।

প্রথম টেস্টে অংশুল কাম্বোজ দুই ইনিংস মিলিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন। কিন্তু তাঁর বোলিংয়ে ধারাবাহিকভাবে নিউজিল্যান্ডের ব্যাটারদের চাপে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বিশেষ করে সুইং ও সিম মুভমেন্ট আদায় করতে না পারায় কিউয়ি ব্যাটারদের সমস্যা বাড়াতে পারেননি তিনি। শর্ট বলের পরিকল্পনাও প্রত্যাশিত ফল দেয়নি। বলের গতি তুলনামূলক কম থাকায় সেই কৌশল কার্যকর হয়নি।

তাই দ্বিতীয় টেস্টে কাম্বোজকে খেলানো হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে তাঁর পরিবর্তে কাকে প্রথম একাদশে নেওয়া হবে, সেই সিদ্ধান্তও সহজ নয়। বেসিন রিজার্ভে মহম্মদ সিরাজকে না খেলানো নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু দ্বিতীয় টেস্টে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা আপাতত কম বলেই খবর। ফলে পেস আক্রমণে নতুন মুখকে দেখা যেতে পারে।

সেক্ষেত্রে আলোচনায় রয়েছেন গুরনুর ব্রার। দীর্ঘদেহী এই পেসারের সবচেয়ে বড় শক্তি তাঁর গতি। নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে অতিরিক্ত বাউন্স ও গতির সাহায্যে প্রতিপক্ষের ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন তিনি। কাম্বোজের তুলনায় গুরনুরের গতি বেশি হওয়ায় তাঁকে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে, স্পিন বিভাগ নিয়েও ভাবনাচিন্তা করতে পারে ভারতীয় দল। ওয়াশিংটন সুন্দরকে খেলানো হবে, নাকি অভিজ্ঞ রবীন্দ্র জাদেজাকে দলে ফেরানো হবে, তা নিয়েও আলোচনা চলছে। পিচের চরিত্র এবং আবহাওয়ার উপর নির্ভর করেই স্পিনারদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট।

সব মিলিয়ে ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টের আগে ভারতের সবচেয়ে বড় প্রশ্ন পেস আক্রমণের ভারসাম্য। চার পেসার নিয়ে মাঠে নামবে ভারত, নাকি স্পিন বিভাগকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে, তা এখনও পরিষ্কার নয়। প্রথম টেস্টের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শুভমান গিলের নেতৃত্বাধীন দল এবার একাদশে কী পরিবর্তন আনে, সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর