ইসলামাবাদের মসজিদে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণের পর ফের ভারতকে নিশানা করল পাকিস্তান। হামলাকারীর আফগানিস্তানে যাতায়াত ছিল বলে দাবি করে ভারতের যোগসূত্রের অভিযোগ তুলেছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী। তবে রাতারাতি কড়া বিবৃতি দিয়ে সব অভিযোগ খারিজ করেছে নয়াদিল্লি।
শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। সরকারি হিসেবে অন্তত ৩১ জন নিহত হয়েছেন, আহত দেড় শতাধিক। ‘সুইসাইড ভেস্ট’ পরে মসজিদের ভিতরে ঢুকে বিস্ফোরণ ঘটায় জঙ্গি।
এই ঘটনার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেন, হামলাকারীর আফগানিস্তানে একাধিকবার যাতায়াতের প্রমাণ মিলেছে। সমাজমাধ্যমে তিনি আরও অভিযোগ করেন, ভারত এবং তালিবানের মধ্যে যোগসূত্র সামনে আসছে। তাঁর দাবি, নিরাপত্তারক্ষীরা বাধা দিলে জঙ্গি প্রথমে গুলি চালায়, তারপর মসজিদের শেষ সারিতে দাঁড়িয়ে বিস্ফোরণ ঘটায়।
এর পরেই ভারতের বিরুদ্ধে তোপ দাগেন পাক মন্ত্রী। তাঁর অভিযোগ, সরাসরি যুদ্ধের ক্ষমতা না থাকায় ভারত অন্য পথে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে।
রাতেই এই অভিযোগের জবাব দেয় ভারতের বিদেশ মন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ইসলামাবাদের মসজিদে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় ভারত শোকপ্রকাশ করছে। তবে পাকিস্তান নিজেদের মাটিতে তৈরি সন্ত্রাস সমস্যাকে গুরুত্ব না দিয়ে অন্যদের দোষারোপ করছে—এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতের বিরুদ্ধে আনা সব অভিযোগই সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।
পাকিস্তানের দাবি উড়িয়ে দিয়েছে আফগানিস্তানের তালিবান সরকারও। তারা এই অভিযোগকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে। তাদের প্রশ্ন, যদি হামলাকারীর পরিচয় ও গতিবিধি এত দ্রুত জানা যায়, তবে হামলাটি ঠেকানো গেল না কেন?
উল্লেখযোগ্য, এর আগেও বালোচিস্তানের জঙ্গি হামলার দায় ভারতের দিকে ঠেলে দিয়েছিল পাকিস্তান। ইসলামাবাদের সাম্প্রতিক বিস্ফোরণেও একই অভিযোগ তোলা হলেও, এখনও পর্যন্ত কোনও প্রমাণ সামনে আনতে পারেনি ইসলামাবাদ।



