টি২০ বিশ্বকাপ মানেই শুধু গৌরবের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বিপুল অঙ্কের পুরস্কারও। এবারের টুর্নামেন্টে মোট প্রায় ১২০ কোটি টাকার প্রাইজ মানি ঘোষণা করেছিল আইসিসি। প্রতিটি ধাপে নির্দিষ্ট ছিল পুরস্কারের অঙ্ক। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতায় সবচেয়ে বেশি অর্থই পেয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল।
আইসিসির নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টে অংশ নেওয়া কোনও দলই খালি হাতে ফেরেনি। গ্রুপ পর্বে বিদায় নেওয়া দলগুলি পেয়েছে প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা করে। অন্যদিকে সুপার এইট পর্বে পৌঁছে বাদ পড়া দলগুলির ঝুলিতে গেছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
এই পর্যায়েই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। ফলে তারা দেশে ফিরেছে প্রায় সাড়ে ৩ কোটি টাকার পুরস্কার নিয়ে।
সেমিফাইনালে পৌঁছেও ফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। এই দুই দল পেয়েছে প্রায় ৭ কোটি ২৪ লক্ষ টাকা করে। ফাইনালে হারলেও রানার্স হিসেবে নিউজিল্যান্ডের প্রাইজ মানি কম নয়—তারা পেয়েছে প্রায় ১৪ কোটি ৬৫ লক্ষ টাকা।
তবে সবথেকে বড় অঙ্কটি পেয়েছে চ্যাম্পিয়ন ভারত। টি২০ বিশ্বকাপ জয়ের জন্য আইসিসির তরফে ভারতীয় দলের ঝুলিতে এসেছে প্রায় ২৭ কোটি ৪৮ লক্ষ টাকা।
এখানেই শেষ নয়। সাধারণত বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ডও আলাদা করে পুরস্কার ঘোষণা করে। এ বারও বোর্ড যদি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য বিশেষ বোনাস ঘোষণা করে, তা হলে সূর্যকুমার যাদবদের প্রাপ্ত অর্থ আরও বাড়তে পারে।



