ম্যাকলারেনের গোলে ডার্বি জয় মোহনবাগানের! ১-০ হারল ইস্টবেঙ্গল, শেষ মুহূর্তেও গোল শোধ করতে পারল না লাল-হলুদ

আইএসএল ২০২৬-২৭-এর কলকাতা ডার্বিতে জেমি ম্যাকলারেনের ৬৭ মিনিটের গোলে ইস্টবেঙ্গলকে ১-০ হারাল মোহনবাগান। পাঁচ মিনিটের অতিরিক্ত সময়েও গোল শোধ করতে পারল না লাল-হলুদ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা ডার্বিতে ফের সবুজ-মেরুনের জয়ধ্বনি। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে আইএসএলে টানা ছ’টি ম্যাচ জিতে নিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) ম্যাচের ৬৬ মিনিটে জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren) একমাত্র গোল দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিল। গোলের পিছনে বড় অবদান লিস্টন কোলাসোর (Liston Colaco)। তাঁর হেড থেকেই বল পেয়ে জালে জড়ান অস্ট্রেলীয় স্ট্রাইকার।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে একাধিকবার মোহনবাগানের রক্ষণকে চাপে ফেলে লাল-হলুদ। ২৩ মিনিটে আকে লোবার সামনে সুযোগ এসেছিল। কিন্তু গোলের মুখ খুলতে পারেননি তিনি। ৩৬ মিনিটে জয় গুপ্তর শট পোস্টে লেগে ফিরে আসে। তার আগে ৩০ মিনিটে অনিরুদ্ধ থাপাও গোলের সহজ সুযোগ নষ্ট করেন।

৪৫ মিনিটে ডেভিড লালানসাঙ্গার শট দুরন্ত দক্ষতায় আটকে দেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দুই দলের সমর্থকদের অপেক্ষা বাড়িয়ে বিরতির পর শুরু হয় আসল লড়াই।

পানোসের জোড়া বদলে শেষ হাসি বাগানের, লিস্টনে ডার্বির রং সবুজ-মেরুন, আইএসএল ডার্বি জেতা হল না ইস্টবেঙ্গলের
পানোসের জোড়া বদলে শেষ হাসি বাগানের, লিস্টনে ডার্বির রং সবুজ-মেরুন, আইএসএল ডার্বি জেতা হল না ইস্টবেঙ্গলের

দ্বিতীয়ার্ধে প্রথম দিকে ইস্টবেঙ্গলও গোলের চেষ্টা চালায়। ৫১ মিনিটে মহম্মদ রশিদের ফ্রিকিক প্রতিপক্ষের ওয়ালে আটকে যায়। ৫৮ মিনিটে ম্যাচের মোড় ঘোরাতে জোড়া পরিবর্তন করেন মোহনবাগান কোচ পানাজিয়োটিস দিমপেরিস (Panagiotis Dilmperis)। মনবীর সিং ও দেজান দ্রাজিচের পরিবর্তে মাঠে নামানো হয় লিস্টন কোলাসো ও সামির জেলকোভিচকে।

পরিবর্তনের পর আক্রমণে গতি পায় সবুজ-মেরুন। ৬৪ মিনিটে লিস্টনের ফ্রিকিক এবং লাল্লিয়ানজুয়ালা ছাংতের ফিরতি শট পরপর বাঁচান ইস্টবেঙ্গলের গোলরক্ষক ফুরবা লাচেনপা। কিন্তু তার ঠিক দু’মিনিট পরেই আর রক্ষা হয়নি লাল-হলুদের।

৬৬ মিনিটে মেহতাব সিংয়ের ক্রস পৌঁছয় বক্সের বাইরে থাকা লিস্টনের কাছে। তিনি মাথা ছুঁইয়ে বল নামিয়ে দেন বক্সের মধ্যে। ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের মাঝখান দিয়ে দ্রুত ছুটে গিয়ে লাচেনপার পাশ দিয়ে বল জালে পাঠান ম্যাকলারেন। তাঁর মরসুমের প্রথম আইএসএল গোলই হয়ে উঠল ডার্বির ভাগ্যনির্ধারক।

গোলের পর কর্নার ফ্ল্যাগ তুলে ব্যাট দিয়ে ছক্কা মারার ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করেন ম্যাকলারেন। সেই উদ্‌যাপনের জন্য তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি। গোলের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ৮৫ মিনিটে একাধিক আক্রমণ করলেও গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। ৮৬ মিনিটে লি-র ফ্রিকিকও ইস্টবেঙ্গলের ওয়ালে লেগে কর্নার হয়ে যায়।

শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখে মোহনবাগান। পাঁচ মিনিটের সংযুক্ত সময়েও সমতা ফেরাতে পারেনি লাল-হলুদ। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সবুজ-মেরুন।

এই জয়ের ফলে চলতি আইএসএল মরসুমে টানা ছ’টি ম্যাচ জিতল মোহনবাগান। অন্যদিকে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিয়ো লোপেস হাবাসের (Antonio López Habas) বিরুদ্ধে চার সাক্ষাতে তিন বার জয় পেলেন মোহনবাগান কোচ দিমপেরিস। ডার্বির জয় শুধু তিন পয়েন্টই এনে দিল না, লিগে সবুজ-মেরুনের ধারাবাহিকতাকেও আরও শক্তিশালী করল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর