টোল প্লাজায় নগদের বিদায়! ১ এপ্রিল থেকে সারা দেশে শুধুই ডিজিটাল পেমেন্টের পথে কেন্দ্র

১ এপ্রিল ২০২৬ থেকে দেশের সব টোল প্লাজায় নগদ লেনদেন বন্ধের পরিকল্পনা কেন্দ্রের। FASTag ও UPI-নির্ভর ডিজিটাল টোলিংয়ে কমবে যানজট ও অপেক্ষার সময়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হাইওয়ে ভ্রমণে বড় পরিবর্তনের পথে ভারত। যানজট কমানো, স্বচ্ছতা বাড়ানো এবং দ্রুত টোল আদায়ের লক্ষ্যেই সারা দেশের টোল প্লাজায় নগদ লেনদেন পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে চালু হতে পারে সম্পূর্ণ ডিজিটাল টোলিং ব্যবস্থা, যেখানে FASTag ও UPI-ই হবে একমাত্র পেমেন্ট মাধ্যম। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নগদ দেওয়ার যুগ কার্যত শেষ হতে চলেছে।

ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI) সূত্রে জানা গিয়েছে, নতুন ব্যবস্থায় দেশের সমস্ত টোল প্লাজায় ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ নগদ অর্থ গ্রহণ ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে এবং টোল ফি নেওয়া হবে শুধুমাত্র FASTag অথবা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর মাধ্যমে।

Shamim Ahamed Ads

কর্তৃপক্ষের মতে, ডিজিটাল টোলিং চালু হলে জাতীয় সড়কে যান চলাচল আরও মসৃণ হবে। টোল প্লাজায় যানজট কমবে, সময় বাঁচবে এবং লেনদেনে স্বচ্ছতা ও ধারাবাহিকতা বাড়বে। ইতিমধ্যেই এই ব্যবস্থার প্রাথমিক ফল মিলেছে বলেই দাবি NHAI-এর।

পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশের মোট টোল আদায়ের প্রায় ৯৮ শতাংশ FASTag-এর মাধ্যমে হচ্ছে। বাকি অংশ UPI এবং নগদ পেমেন্টে সংগ্রহ করা হয়। তবে নগদ লেনদেনের ক্ষেত্রে অপারেশনাল খরচ বেশি হওয়ায় ডিজিটাল ব্যবস্থার দিকে পুরোপুরি ঝুঁকছে সরকার।

সূত্রের দাবি, UPI পেমেন্টে যেখানে স্বাভাবিক টোল চার্জের তুলনায় প্রায় ১.২৫ গুণ প্রসেসিং খরচ পড়ে, সেখানে নগদ লেনদেনে সেই ব্যয় দ্বিগুণ হয়ে যায়। ফলে নগদ ব্যবস্থাকে বাদ দেওয়া অর্থনৈতিক দিক থেকেও লাভজনক বলে মনে করা হচ্ছে।

NHAI আরও জানিয়েছে, FASTag চালুর আগে ২০২২-২৩ অর্থবর্ষে টোল প্লাজায় গড় অপেক্ষার সময় ছিল প্রায় ৭৩৪ সেকেন্ড। ডিজিটাল পেমেন্ট চালু হওয়ার পর তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪৭ সেকেন্ডে। নতুন ডিজিটাল টোলিং ইকোসিস্টেম চালু হলে এই সময় আরও কমবে বলে আশা।

সব মিলিয়ে, ২০২৬ সালের এপ্রিল থেকে ভারতের হাইওয়ে যাত্রা আরও দ্রুত, স্মার্ট এবং সম্পূর্ণ ক্যাশলেস হতে চলেছে—এমনই ইঙ্গিত কেন্দ্রের পরিকল্পনায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত