ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ইঙ্গিত দিল বিসিসিআই। ২০২৬ সালের এশিয়ান গেমসের জন্য সম্ভাব্য ক্রিকেটারদের দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছেন মাত্র ১৫ বছরের বৈভব সূর্যবংশী। অন্যদিকে, ভারতীয় দলের দুই গুরুত্বপূর্ণ মুখ সূর্যকুমার যাদব ও শুবমান গিলের নাম না থাকায় শুরু হয়েছে জোর আলোচনা। তরুণদের উপর ভরসা রেখেই এশিয়ান গেমসের জন্য নতুন রূপরেখা তৈরি করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের এশিয়ান গেমস। ঠিক সেই সময়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সাদা বলের সিরিজ রয়েছে। ফলে একই সময়ে দুটি আন্তর্জাতিক দায়িত্ব সামলাতে ভারতকে আলাদা দুটি দল তৈরি করতে হচ্ছে। সেই কারণেই সম্ভাব্য ক্রিকেটারদের একটি বড় তালিকা প্রস্তুত করেছে বিসিসিআই।
সবচেয়ে বেশি নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। আইপিএলে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার জাতীয় স্তরেও তাঁর উপর আস্থা দেখিয়েছে বোর্ড। মাত্র ১৫ বছর বয়সে সম্ভাব্য এশিয়ান গেমস স্কোয়াডে জায়গা পাওয়া তাঁর ক্রিকেট কেরিয়ারের বড় মাইলফলক বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, শুবমান গিলের অনুপস্থিতির পিছনে রয়েছে জাতীয় দলের ব্যস্ত সূচি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একদিনের দলের নেতৃত্বে থাকার সম্ভাবনা থাকায় তাঁকে এশিয়ান গেমসের তালিকায় রাখা হয়নি বলে জানা গিয়েছে। ফলে সিনিয়র দলের দায়িত্বই অগ্রাধিকার পাচ্ছে।
সূর্যকুমার যাদবের নাম না থাকা অবশ্য আরও বেশি চর্চার জন্ম দিয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ২০২৮ অলিম্পিক্স এবং ভবিষ্যতের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দল ধীরে ধীরে নতুন প্রজন্মের ক্রিকেটারদের দিকে ঝুঁকছে। সেই প্রেক্ষিতেই সূর্যকুমারের অনুপস্থিতিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক।
এশিয়ান গেমসের সম্ভাব্য অধিনায়ক হিসেবেও কয়েকটি নাম উঠে এসেছে। শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা নেতৃত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে একটি প্রতিযোগিতামূলক দল গঠনের পরিকল্পনা রয়েছে নির্বাচকদের।
পেস আক্রমণে সম্ভাব্য তালিকায় রয়েছেন জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ এবং হর্ষিত রানা। স্পিন বিভাগে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর এবং হর্ষ দুবে। চূড়ান্ত দল ঘোষণার আগে ফিটনেস ও আন্তর্জাতিক সূচির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিসিসিআইয়ের ৩০ সদস্যের সম্ভাব্য তালিকায় রয়েছেন যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, তিলক বর্মা, জশপ্রীত বুমরা, অক্ষর পটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, প্রসিধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, আয়ুষ বাদোনি, হর্ষ দুবে, ধ্রুব জুরেল, খলিল আহমেদ, ঋতুরাজ গায়কোয়াড়, রবি বিষ্ণোই, শাহবাজ আহমেদ, শিবম দুবে, বিপ্রাজ নিগম, হর্ষিত রানা, যশ ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর।
চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা হয়নি। তবে সম্ভাব্য তালিকাই স্পষ্ট করে দিচ্ছে, ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মকে তুলে আনার প্রক্রিয়া আরও দ্রুত হচ্ছে। আর সেই পরিবর্তনের অন্যতম মুখ হয়ে উঠেছেন বৈভব সূর্যবংশী।



