ফের শিরোনামে যোগী রাজ্য, উত্তরপ্রদেশে বিষমদ পানে মৃত্যু হল ৫ জনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের শিরোনামে যোগী রাজ্য। উত্তরপ্রদেশে ফের বিষমদ পানে মৃত্যুর ঘটনা ঘটল। জানা গিয়েছে, বুলন্দশহরের সিকান্দার কোতায়ালি এলাকার জিতগড়িতে বিষমদ পানের ঘটনায় ৫ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও কমপক্ষে ১৫ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি ঘটায় পরে দিল্লি ও নয়ডার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করায়েছে।

আরও পড়ুন: দেশবাসীকে দেওয়ার আগে প্রধানমন্ত্রীর উচিত ভ্যাকসিন নেওয়া: তেজপ্রতাপ

ইতিমধ্যেই এলাকায় বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ইতিমধ্যেই স্থানীয় থানার দুই আধিকারিককে সাসপেন্ড করেছে প্রশাসন। ঘটনার বিষয়ে বুলন্দশহরের জেলাশাসক রবীন্দ্র কুমার সংবাদমাধ্যমকে জানান, ‘বিষমদ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে (এনএসএ) মামলা দায়ের করা হবে।’ অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই জিতগড়ি গ্রামে অবৈধভাবে মদের ব্যবসা চালাচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।

অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও ওই অবৈধ মদের ঠেকে জড়ো হয়ে মদপান করছিলেন বেশ কয়েকজন। মদ পানের পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজন রাতেই মারা যান। শুক্রবার সকালে আরও একজনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি বাকি ১৫ জনের অবস্থাও আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফের শিরোনামে যোগী রাজ্য, বিষমদ পানে পাঁচজনের মৃত্যুর পরেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের মদতেই রমরমিয়ে অবৈধ মদের ব্যবসা চালাচ্ছে দুষ্কৃতীরা। পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশের পক্ষ থেকে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীক্ষিত কুমার ত্যাগী, স্থানীয় পুলিশ চৌকির ভারপ্রাপ্ত আধিকারিক আনোখি পুরী সহ তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর