নাগরিকত্ব নয়, তাহলে আধার কার্ড বাধ্যতামূলক কেন? পরোক্ষ তোলাবাজি ও তথ্যের ব্যবসা কার স্বার্থে?

আমাদের চোখের রেটিনা, আঙুলের ছাপ, ব্যক্তিগত তথ্য — সবই রাষ্ট্রের হাতে তুলে দিয়ে আমরা আসলে কাকে শক্তিশালী করছি? নাগরিককে, না শাসনব্যবস্থাকে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অর্ক সানা:  নাগরিকের পরিচয় নয়, নিয়ন্ত্রিত নজরদারির উপকরণ ও আমজনতার পকেট কাটার সরকারি উপায়!! ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য যেসব নথি আইনত স্বীকৃত — যেমন পাসপোর্ট, জন্ম শংসাপত্র, মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র ও ভোটার কার্ড — সেগুলোর কথা সংবিধান ও নাগরিকত্ব আইন স্পষ্টভাবে উল্লেখ করেছে। এগুলিই প্রমাণ করে আপনি ভারতের নাগরিক। কিন্তু আজকের দিনে আধার কার্ড ছাড়া যেন কিছুই চলে না। অথচ আশ্চর্যের বিষয়, আধার নাগরিকত্বের প্রমাণ নয়!

🇮🇳 নাগরিকত্ব প্রমাণের স্বীকৃত নথি
পাসপোর্ট:
ভারতের বিদেশ মন্ত্রক কর্তৃক জারি করা পাসপোর্ট নাগরিকত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ভারতের নাগরিক হিসেবে আপনার পরিচয় দেয়।

জন্ম শংসাপত্র:
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ১৯৬৯ অনুসারে প্রাপ্ত জন্ম শংসাপত্র নাগরিকত্বের প্রাথমিক ভিত্তি। জন্মস্থানই নাগরিকত্ব নির্ধারণের অন্যতম মানদণ্ড।

মাধ্যমিক স্তরের শংসাপত্র:
সরকার স্বীকৃত বোর্ডের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক শংসাপত্রও নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে গৃহীত হয়।

ভোটার কার্ড:
নির্বাচন কমিশন ভোটার কার্ডকে নাগরিকত্বের আইনি প্রমাণ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভোট দিতে পারা মানেই আপনি ভারতের নাগরিক।

নাগরিকত্ব নয়, তাহলে আধার কার্ড বাধ্যতামূলক কেন? পরোক্ষ তোলাবাজি ও তথ্যের ব্যবসা কার স্বার্থে?
নাগরিকত্ব নয়, তাহলে আধার কার্ড বাধ্যতামূলক কেন? পরোক্ষ তোলাবাজি ও তথ্যের ব্যবসা কার স্বার্থে?

💳 আধার কার্ড — সবকিছুর চাবিকাঠি, কিন্তু নাগরিকত্ব নয়!
আধার কার্ডের সূচনা হয়েছিল নাগরিক পরিষেবার সুবিধা পৌঁছে দিতে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে উঠেছে প্রতিটি সরকারি ও বেসরকারি পরিষেবার কেন্দ্রীয় প্রবেশপত্র।
কেন্দ্রীয় সরকার আধারকে যেসব কাজে বাধ্যতামূলক করেছে —
* প্যান কার্ডের সাথে লিঙ্ক করা (৩১ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে আবশ্যিক)
* আয়কর রিটার্ন দাখিল
* সরকারি ভর্তুকি ও স্কিম (LPG, রেশন, পেনশন ইত্যাদি)
* ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও লিঙ্ক করা
* মোবাইল সিমের KYC যাচাই
অর্থাৎ আধার ছাড়া এখন প্রায় কোনও সরকারি কাজই সম্পূর্ণ হয় না। অথচ, সরকারের নিজের নথিতেই লেখা আছে — “আধার শুধুমাত্র পরিচয় ও ঠিকানার প্রমাণ; এটি নাগরিকত্বের প্রমাণ নয়।”

🤔 তাহলে প্রশ্নটা দাঁড়ায় — এত বাধ্যতামূলক কেন?
যে কার্ড বানাতে মানুষের সই, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা স্ক্যান পর্যন্ত নেয়া হয়েছে, সেই কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হচ্ছে না কেন?
তাহলে এত তথ্য, এত বায়োমেট্রিক ডেটা সংগ্রহের উদ্দেশ্য কী?
এখানেই মূল বিতর্ক —
👉 এটা কি সত্যিই প্রশাসনিক সুবিধা নাকি গোপন ডেটা-বাণিজ্যের রাস্তায় নাগরিককে টেনে আনা?
👉 আধারের মাধ্যমে কি নাগরিকের ওপর ডিজিটাল নজরদারি তৈরি হচ্ছে?
👉 নাকি এটি কেবলই কর্পোরেট ও প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য নতুন ব্যবসার ক্ষেত্র?

⚠️ তথ্যের গোপনীয়তা ও নাগরিকের অধিকার
আধারের মাধ্যমে প্রতিটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য কেন্দ্রীভূত ডাটাবেসে সংরক্ষিত। প্রশ্ন হলো — এই তথ্য কতটা নিরাপদ? পূর্বে বেশ কিছুবার UIDAI সার্ভার হ্যাক, ডেটা লিক, ভুয়ো আধার তৈরি সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। তবুও সরকার এই সিস্টেমকে ক্রমশ আরও বাধ্যতামূলক করছে। এটা কি নাগরিকের স্বাধীনতার পরিপন্থী নয়? একটি কার্ড দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা মানে নাগরিককে এক অদৃশ্য শৃঙ্খলে বাঁধা।

📜 সংবিধান ও নাগরিকত্ব আইন কী বলে?
ভারতের সংবিধান অনুযায়ী, নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষমতা সংসদের হাতে।
নাগরিকত্ব আইন, ১৯৫৫ ও নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯-এ নাগরিকত্বের সংজ্ঞা, শর্ত ও প্রক্রিয়া বিস্তারিতভাবে বলা আছে। সেখানে আধারের কোনও উল্লেখ নেই। অর্থাৎ, আইনত আধার নাগরিকত্বের সঙ্গে সম্পর্কহীন। আজ আমরা এমন এক অবস্থায় পৌঁছেছি যেখানে আধার ছাড়া কিছুই চলে না, অথচ আধার নাগরিকত্ব প্রমাণ করে না। এটা এক ধরনের বৈপরীত্য — নাগরিকের উপর রাষ্ট্রীয় নির্ভরতা বাড়িয়ে তাকে আরও নিয়ন্ত্রণযোগ্য করা। আমার মতে এটি পরোক্ষ তোলাবাজি ও তথ্যের ব্যবসা।

শেষ প্রশ্নটা রয়ে যায় —
আমাদের চোখের রেটিনা, আঙুলের ছাপ, ব্যক্তিগত তথ্য — সবই রাষ্ট্রের হাতে তুলে দিয়ে আমরা আসলে কাকে শক্তিশালী করছি? নাগরিককে, না শাসনব্যবস্থাকে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত