একই টেস্টে লাল থেকে গোলাপি বল! বড় বদলের পথে ICC, আলোচনায় সৌরভের কমিটি

টেস্ট ক্রিকেটে নতুন ভাবনা ICC-র। আবহাওয়ার কারণে আলো কমে গেলে একই ম্যাচে লাল বলের বদলে গোলাপি বল ব্যবহারের প্রস্তাব নিয়ে চলছে আলোচনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টির ঝড়েও টেস্ট ক্রিকেটের আবেদন কমেনি। এবার সেই ঐতিহ্যবাহী ফরম্যাটেই আসতে পারে যুগান্তকারী পরিবর্তন। একই টেস্ট ম্যাচে পরিস্থিতি অনুযায়ী লাল বল থেকে গোলাপি বলে বদল— এমন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে ICC-র অন্দরে। এই ভাবনাকে ঘিরে ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর চর্চা।

নতুন প্রস্তাব অনুযায়ী, কোনও টেস্ট ম্যাচে লাল বলে খেলা শুরু হলেও আবহাওয়ার কারণে দিনের খেলা ব্যাহত হলে এবং পরে ফ্লাডলাইটে খেলা চালানোর প্রয়োজন হলে গোলাপি বলে স্যুইচ করার সুযোগ রাখা হতে পারে। তবে এই পরিবর্তন স্বয়ংক্রিয় হবে না— দুই দলের আগাম সম্মতি বাধ্যতামূলক হতে পারে।

এই নিয়ম কার্যকর হলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার সরকারিভাবে একই টেস্টে দুই ধরনের বল ব্যবহারের নজির তৈরি হবে। গোলাপি বল মূলত দিন-রাতের টেস্টের জন্য ব্যবহার করা হয়, কারণ আলোতে তার দৃশ্যমানতা তুলনামূলক ভালো বলে ধরা হয়।

এই সম্ভাব্য পরিবর্তন নিয়ে সম্প্রতি ICC-র চিফ এক্সিকিউটিভস কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ICC ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের দাবি, সব পক্ষের অনুমোদন মিললে নতুন প্লেয়িং কন্ডিশন চলতি বছরের ১ অক্টোবর থেকে কার্যকর হতে পারে।

তবে শুধু বলের রং বদল নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়েও ভাবছে ICC। একদিনের ক্রিকেটে ড্রিঙ্কস ব্রেকের সময় প্রধান কোচকে মাঠে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে এই সুযোগ নেই, যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কিছু ক্ষেত্রে এমন নিয়ম দেখা যায়।

এছাড়া টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুই ইনিংসের মধ্যবর্তী বিরতি ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করার বিষয়েও আলোচনা চলছে। লক্ষ্য, ম্যাচের মোট সময় আরও কমানো।

চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তবে যদি এই প্রস্তাব অনুমোদন পায়, তাহলে টেস্ট ক্রিকেটের কৌশল, ম্যাচ পরিচালনা এবং খেলার অভিজ্ঞতায় বড় পরিবর্তন দেখা যেতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন