নজরবন্দি ব্যুরোঃ ভোট মিটতেই উল্টোপুরাণ, বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন একগুচ্ছ কর্মী। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছিল শাসকদল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ধুম পড়ে গেছিল। শুভেন্দু-রাজীব থেকে সোনালী-রবীন্দ্রনাথ তালিকা বহু লম্বা। শুধু প্রথম সারির নেতারাই নন তাঁদের হাত ধরে শয়ে শয়ে কর্মী সমর্থক যোগ দিয়েছিল বিজেপিতে।
আরও পড়ুনঃ শীতলকুচির পর নন্দীগ্রাম পরিদর্শনে রাজ্যপাল, সঙ্গী বিরোধী দলনেতা শুভেন্দু।


তবে এতকিছুর পরেও রাজ্যে ক্ষমতা দখল করতে পারেনি বিজেপি। ২০০ র বেশী আসন পেয়ে রাজ্যে তৃতীয় বারের জনয় ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। আর তারপরেই রাজ্য বিজেপির নেতা থেকে কর্মী বিভিন্ন সময়ে দলের বিরুদ্ধে হারের কারণে ক্ষোভ উগড়ে দিয়েছে। অন্যদিকে ভোটের ফল প্রকাশ হতেই রাজ্যে বেড়েছে রাজনৈতিক হিংসা। যদিও ক্ষমতায় এসেই তাকে কড়া হাতে দমন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইকোর্টও হিংসা রুখতে রাজ্যের ভূমিকার প্রশংসা করেছে। বিভিন্ন জায়গায় ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরানর উদ্যোগ নিয়েছে শাসক শিবির। এবার সেই ছবি দেখা গেল বীরভূমের সাঁইথিয়ায়। ভোটের ফল বেরোতেই সেখানে এলাকা ছাড়া হন কয়েকশো বিজেপি কর্মী। যাদের অনেকেই প্রাক্তন তৃণমূল কর্মী। তবে গতকাল তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদির উদ্যোগে সেই সমস্ত ঘরছাড়া কর্মীরা ঘরে ফিরলেন। একইসাথে তারা বিজেপি ছেড়ে শাসক শিবিরে ফিরে এলেন।
ভোট মিটতেই উল্টোপুরাণ, বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন একগুচ্ছ কর্মী। বিজেপির দাবি ভয় দেখিয়ে তাদের কর্মীদের দলে টানছে শাসকদল। যদিও তৃণমূলের পক্ষ থেকে সেই দাবি উড়িয়ে দিয়ে জানানো হয়েছে উন্নয়নে সামিল হতেই এই দলবদল। তবে এই দলবদলের পর সেখানে জোর ধাক্কা খেল বিজেপির সংগঠন।









