নজরবন্দি ব্যুরোঃ মাধ্যমিকের পরেই উচ্চমাধ্যমিকের ফল। শিক্ষা দফতর সূত্রে খবর আগামী শুক্রবার অর্থাৎ ১৭ই জুলাই অনলাইনে ফল প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার। পাশাপাশি সূত্র জানাচ্ছে ১৭ জুলাই ফল প্রকাশের পর আগামী ৩১শে জুলাই এর মধ্যে পরিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে মার্কশিট।
আরও পড়ুনঃ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় ঘোষণা পর্ষদের
মাধ্যমিকের পরেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১২ই মার্চ এবং পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৭শে মার্চ পর্যন্ত। কিন্তু রাজ্যে বাড়তে থাকা করোনা ভাইরাসের জেরে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় পরীক্ষা। তিন দিনের পরীক্ষা অর্থাৎ ২৩, ২৫ এবং ২৭ মার্চের পরীক্ষাগুলি স্থগিত হয়ে যায়। এর পর কয়েকবার দিন বদল হওয়ার পর অবশেষে ঠিক হয় জুলাইয়ের ২, ৬ এবং ৮ তারিখে বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে। কিন্তু সেই পরিকল্পনাও বাতিল হয়ে যায় করোনা ভাইরাসের জেরে। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করে দেওয়া হবে আগামী ১৭ই জুলাই।
অন্যদিকে আগামীকাল ফল প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের। এক্ষেত্রেও অনলাইনেই প্রকাশিত হতে চলেছে ফলাফল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মাধ্যমিকের ফল প্রকাশের ঘোষণা করেন। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। যা গতবারের তুলনায় বেশ কিছুটা কম। এ বছর ছাত্রদের তুললায় ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আগামিকাল অর্থাৎ বুধবারই প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট।পরীক্ষা শেষের একমাসের মধ্যেই করোনার কারণে থমকে গিয়েছিল গোটা রাজ্য। পরবর্তীতে ধীরে ধীরে সবটা স্বাভাবিক হতে শুরু করলেও কতদিনে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে তা নিয়ে সংশয়ে ছিল পরীক্ষার্থীরা।
অন্যদিকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলে আগামী ৩১শে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশিত হবে। সেই মতই আজ শিক্ষা দফতর সূত্র জানিয়ে দিল শুক্রবার অর্থাৎ আগামী ১৭ই জুলাই ফল প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিকের। পাশাপাশি জানানো হয়েছে আগামী ৩১ তারিখের মধ্যে মার্কশিট হাতে পেয়ে যাবেন ছাত্র ছাত্রীরা।



