২০২০ সালের ১৪ জুন বলিউড হারিয়েছে এক উজ্জ্বল নক্ষত্র, সুশান্ত সিং রাজপুত। মাত্র ৩৪ বছর বয়সে থেমে গিয়েছিল তার জীবন। মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তার ঝুলন্ত দেহ। তাঁর রহস্যমৃত্যু এখনও জল্পনার বিষয়। অভিনেতার ঘনিষ্ঠজন থেকে অনুরাগী— সকলের মনেই একটাই প্রশ্ন: কী হয়েছিল সুশান্তের জীবনের শেষ দিনগুলোতে?
সম্প্রতি, বলিউডের বর্ষীয়ান অভিনেতা মনোজ বাজপেয়ী সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। একটি সাক্ষাৎকারে মনোজ জানান, সুশান্তের মৃত্যু তাঁর কাছে এক গভীর ব্যক্তিগত ক্ষতি।


কীভাবে সাবধান করেছিলেন মনোজ বাজপেয়ী?
মনোজ বলেন, “আমি সুশান্তকে বারবার বলেছিলাম, ‘গায়ের চামড়া মোটা কর নইলে মারা পড়বি।’ বলিপাড়ার রাজনীতি, ঠকানো, প্রত্যাখ্যানের মতো কঠিন বাস্তবতার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে গেলে নিজের মানসিকতা শক্ত করতে হয়। আমি হয়তো পেরেছি, কিন্তু আমার অনেক বন্ধু পারেনি। সুশান্তের জন্য সেই কথাই বারবার বলতাম।”
সোনচিড়িয়া ছবির শুটিংয়ের সময় সুশান্তের সঙ্গে মনোজ বাজপেয়ীর গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল। মনোজ জানান, “সুশান্ত ছিল খুবই পড়ুয়া স্বভাবের। শুটিংয়ের মাঝেও তাকে গোগ্রাসে বই পড়তে দেখতাম। নানা বিষয়ের প্রতি তার আগ্রহ ছিল। জ্ঞানও ছিল প্রচুর। আর যাই হোক, সে পাগল ছিল না। শেষমেশ তার জীবনে কী হয়েছিল তা কেউ জানে না। আজও সকলে তা নিয়ে আলোচনা করেন, জল্পনা করেন।”
সুশান্ত সিং রাজপুতের ছবি যেমন ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ছিছোড়ে’, এবং ‘কেদারনাথ’ আজও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু বলিপাড়ার অন্ধকার দিকগুলি হয়তো তাকে জীবনের লড়াই থেকে ছিটকে দিয়েছে। মনোজের মতে, এই অকালপ্রয়াণ শুধুমাত্র বলিউডের নয়, সমগ্র সমাজের জন্য এক অমূল্য ক্ষতি।









