বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গত বছর দায়ের হয় একটি এফআইয়ার। অবশেষে সেই মামলায় স্বস্তি পেলেন বিজেপি নেতা। সৌমিত্রের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষ এই সিদ্ধান্ত নিলেন।
২০২৩ সালে বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায় সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলাতেই তদন্ত করে এমপি, এমএলএ বিশেষ আদালতে চার্জশিট পেশ করে রাজ্য পুলিশ। সৌমিত্রকে তলবও করে নিম্ন আদালত। কিন্তু, একাধিক বার তলব করা সত্ত্বেও সৌমিত্র একবারও হাজিরা দেননি। এড়িয়ে গিয়েছেন প্রত্যেকবার। এরপর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত।

সৌমিত্রর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হাই কোর্টে স্বস্তিতে বিজেপি সাংসদ
শেষমেশ, গত ৯ জুলাই সৌমিত্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু, তিনি যাননি। এরপর তাঁকে গ্রেফতারের নির্দেশ দেয় এমপি-এমএলএ আদালত। সৌমিত্র কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। আবেদন করেন আগাম জামিনের। এবার সৌমিত্রের আবেদনে সাড়া দিল আদালত। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিল হাই কোর্ট।



