স্বাধীনতার মধ্যরাতে আরজি করে ঘটে গিয়েছিল বেনজির ঘটনা। হামলার মুখে পড়েছিল গোটা হাসপাতাল। হামলার মুখে পড়েছিলেন নার্সরা। আর এই ঘটনার প্রতিবাদে এবার আন্দোলনের পথে আর জি করের নার্সরা। আর এই আন্দোলনের জন্য ক্ষুব্ধ স্বাস্থ্য ভবন। আন্দোলনে সামিল নার্সদের ভিডিয়ো করার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবন থেকে।
বলা হয়েছে আন্দোলনে সামিল হলে বদলি করে দেওয়া হবে অন্য কথাও। আর এই ঘটনা জানার পরেই বেড়েছে বিতর্ক। এক আন্দোলনকারী বলছেন, “আমরা যখন এখানে আন্দোলন করছিলাম তখন স্বাস্থ্য ভবন থেকে লাইভ করা হয়েছিল। সেখান থেকে বলছে যাঁরা যাঁরা অন ডিউটি থাকাকালীন এখানে আন্দোলনে বসছে তাঁদের ট্রান্সফার করে দেওয়া হবে। কিন্তু, আমাদের তো অন ডিউটি থাকাকালীন রেপের থ্রেটটা দেওয়া হয়েছিল। সেটা তো কাম্য ছিল না। তারপরেও থ্রেট কেন এল?”
আর একজন বলছেন, “আমাদের আন্দোলন চলবে। ন্যায় বিচার আমরা চাই। আমাদের কোনও সেফটি নেই।” পাশে দাঁড়িয়ে গর্জে উঠলেন আরও একজন। বললেন, “আমাদের কী অন্যায়? কিসের জন্য আমাদের বদলির হুঁশিয়ারি দেবে? ভেবেছে হয়তো ট্রান্সফারের সুড়সড়ি দিলেই আমরা নড়ে যাব। কিন্তু সেদিন প্রাণভয়ে ছিলাম তাও পেশন্টদের নিরাপত্তা দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ট্রান্সফারের ভয় পাই না।”



