নজরবন্দি ব্যুরোঃ জাল আইএএস অফিসার দেবাঞ্জন দেবের জাল টিকা কাণ্ড প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। একই সঙ্গে এই ঘটনা নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। প্রতারক দেবাঞ্জন দেবের সঙ্গে একাধিক মন্ত্রীদের সঙ্গে ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবিকে হাতিয়ার করে রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। বিজেপি একধাপ এগিয়ে সিবিআই তদন্ত দাবি করেছে। কিন্তু এবার যে ছবি সামনে এল তাতে যথেষ্ট বিড়ম্বনার মুখে বিজেপি। প্রতারক দেবাঞ্জন দেবের PSO-র সাথে রাজ্যপাল জগদীপ ধনখড়, কি সম্পর্ক?


জাল ভ্যাকসিনের নায়ক দেবাঞ্জনের PSO-র সাথে রাজ্যপালের ছবি প্রকাশ্যে এল এবার। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে ফেক আইএএস অফিসার দেবাঞ্জন দেবের পিএসও অরবিন্দ বৈদ্য দাঁড়িয়ে রয়েছেন রাজ্যপালের পেছনে। প্রশ্ন উঠছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের নায়ক তথা প্রতারক দেবাঞ্জন দেবের সেক্রেটারির সাথে রাজ্যপাল কি করছেন? তাহলে দেবাঞ্জনের কার্যকলাপ জানতেন রাজ্যপাল? প্রতারক দেবাঞ্জনের PSO-র সাথে রাজ্যপাল জগদীপ ধনখড়, কি সম্পর্ক? প্রশ্ন তুলেছে তৃণমূল।
রাজ্যপাল জগদীপ ধনকড় যেদিন থেকে রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে বসেছেন তখন থেকেই বিভিন্ন ইস্যুতে কার্যত বিরোধী দল বিজেপির মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হন বলে অভিযোগ উঠেছে একাধিকবার। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীবার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সেই আক্রমনের তীব্রতা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে প্রতারক দেবাঞ্জন দেবের পিএসও-র সাথে রাজ্যপালের ছবি প্রকাশ্যে আসায় রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
উল্লেখ্য, গতকাল নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী জাল টিকায় বিজেপি জড়িয়ে কিনা তা নিয়েও উসকে দেন সন্দেহ। তিনি বলেন, “হিংসার ঘটনা প্রমাণ করতে ভুয়ো ছবি ভাইরাল করা হচ্ছে। কেউ কেউ সেই ছবি ইচ্ছে করে ভাইরাল করছে। এই জাল টিকা কাণ্ডের পিছনেও যে বিজেপির হাত নেই, কে বলতে পারে!”


জাল টিকা কাণ্ডে ভুয়ো আইএস অফিসার প্রতারক দেবাঞ্জন দেবের সঙ্গে একাধিক মন্ত্রীদের সঙ্গে ছবি প্রকাশ্যে এসেছে। তা নিয়ে সরব হয়েছে বিজেপি। তা নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আশপাশে বহু মানুষ ঘুরে বেড়ায়। কে বা কারা আশপাশে আসছে, সবসময় তাঁদের চেনা সম্ভব নয়। ছবি দিয়ে বিচার করা যায় না।”







