খুনের হুমকি, তাও আবার সরাসরি ই-মেলে—তবু ভয় নয়, বরং দৃঢ় বার্তা। রাজ্যের সাংবিধানিক প্রধান সি ভি আনন্দ বোস জানিয়ে দিলেন, তিনি কলকাতার রাস্তায় নিরাপত্তারক্ষী ছাড়াই হাঁটতে চান। ‘Will Blast Him’ লেখা মেল পাওয়ার পর নিরাপত্তা বাড়ানো হলেও, রাজ্যপাল স্পষ্ট করে বুঝিয়ে দিলেন—হুমকিতে তাঁর মনোবল ভাঙবে না।
ঘটনাটি সামনে আসতেই প্রশাসনের তরফে রাজ্যপালের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সূত্রের খবর, এই হুমকির ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। তবে এসবের মাঝেও রাজ্যপালের বক্তব্যে আত্মবিশ্বাসই বেশি। তিনি বলেন, “আমি প্রস্তাব দিয়েছিলাম নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় ঘুরবো। কিন্তু আমার নিরাপত্তারক্ষীরা তাঁদের কর্তব্যের স্বার্থে সেই অনুমতি দেয়নি।” একই সঙ্গে তিনি আশাবাদী—কলকাতার সাধারণ মানুষই তাঁর প্রকৃত নিরাপত্তা।
উল্লেখ্য, রাজ্যপাল বর্তমানে জেড-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। তা সত্ত্বেও তিনি বার্তা দিয়েছেন, ভয় দেখিয়ে কোনও সাংবিধানিক কর্তব্য থেকে তাঁকে সরানো যাবে না। শুক্রবারের ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি এই বিষয়ে বিস্তারিত বলতে চাই না। বিষয়টি সম্পূর্ণ জুডিশিয়াল ম্যাটার।” তবে কড়া সুরে যোগ করেন, “কোনও সরকারি কর্মীকে তাঁর কাজে বাধা দেওয়া একটি ফৌজদারি অপরাধ। যদি কেউ কোনও সাংবিধানিক কর্তৃত্বকে বাধা দেন, তবে তাঁর সেই পদে থাকার অধিকার নেই—তিনি যত উঁচু পদেই থাকুন না কেন।”
প্রসঙ্গত, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল অতীতেও একাধিকবার প্রশ্ন তুলেছেন। সম্প্রতি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাজ্যের সার্বিক উন্নতির স্বার্থে প্রয়োজনীয় বিষয়গুলি তুলে ধরে একটি ইস্তেহারও পেশ করেন। রাজ্যপালের দাবি, এই উদ্যোগের সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়।
বোসের কথায়, “সাংবিধানিক দায়িত্বে থেকে গত কয়েক বছরে যা দেখেছি, যা উপলব্ধি করেছি—সেটাই রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছি।” খুনের হুমকির মধ্যেও তাঁর এই অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, রাজভবন কোনও চাপ বা ভয়কে গুরুত্ব দিতে রাজি নয়।






