তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে এনডিএ সরকার। এই মুহূর্তে সংসদে চলছে সেই বাজেট অধিবেশন। এবারের বাজেটে সোনা-রুপোর ওপর আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। আগে যা ছিল ১৫%, তা এখন কমে হয়েছে ৬%। ফলে, মধ্য জুলাই থেকেই কমছে দুই ধাতুর দাম। আর অগস্টের শুরুতে কিন্তু আরও অনেকটাই সস্তা হল সোনা ও রুপোর দাম।
অগস্টের ১ তারিখ কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৭০,৩৬০ টাকা। আর আজ, বুধবার, ৭ অগস্ট সেই দাম কমে হয়েছে ৬৯,২৩০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ১ তারিখে ছিল ৬৪,০০০ টাকা। আজ তা কমে হয়েছে ৬৩,৫০০ টাকা। অর্থাৎ, বিগত দুদিনের মধ্যে ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১,৩১০ টাকা। আর ২২ ক্যারেটের দাম কমেছে ১,২০০ টাকা, যা স্বর্ণপ্রেমীদের কাছে অত্যন্ত আনন্দের সংবাদ।
অন্যদিকে, শুধু সোনা নয়, কমেছে রুপোর দামও। ১ অগস্ট কলকাতায় এক কেজি রুপোর দাম ছিল ৮৭,১০০ টাকা। আর আজ, সেই দাম কমে হয়েছে ৮২ হাজার টাকা। অর্থাৎ, সাত দিনে দাম কমেছে ৫ হাজার ১০০ টাকা। ফলে, যারা সোনা রুপো কিনবেন বলে ভাবছিলেন, তাঁরা আর অপেক্ষা করবেন না।
বাজেটের আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একটা আভাস দেন যে, এবার সোনা রুপোর দাম কম হতে পারে। আর তা হয়ও বাজেটে। বাজেটের দিনেই এক ধাক্কায় সোনার দাম কমে ৩ হাজারের বেশি। যদিও গত কয়েক মাসে সোনার দাম যে ভাবে বেড়েছে তাতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়াই ছিল স্বাভাবিক। সেই পরিস্থিতি কিছুটা হলেও কেটেছে।



