পুজোর আগে সোনার গহনা কেনার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য সুখবর আসতে পারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, শীঘ্রই জিএসটি (GST) হারে বড় পরিবর্তন হতে চলেছে। এর ফলে সরাসরি কমতে পারে সোনার দাম।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠক। সেখানে কর কাঠামোয় বড়সড় সংস্কার আনা হতে পারে। বর্তমানে জিএসটির চারটি স্ল্যাব রয়েছে— ৫%, ১২%, ১৮% এবং ২৮%। সূত্রের খবর, এই স্ল্যাব ভেঙে শুধু ৫% ও ১৮% করের দুটি স্ল্যাব রাখা হতে পারে।
সোনার গহনায় কমতে পারে জিএসটি
আলোচনা চলছে, সোনা, সোনার বার, কয়েন, বিস্কুট ও গহনার উপর বর্তমান জিএসটি হারে ছাড় দেওয়া হতে পারে। এখন গহনার উপরে ৩% জিএসটি বসে। সেখানে ০.৫% থেকে ১% পর্যন্ত কর ছাড় দেওয়ার প্রস্তাব উঠেছে। একই নিয়ম গ্রহরত্নের ক্ষেত্রেও কার্যকর হতে পারে।
যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তবে পুজো ও দীপাবলীর আগেই সোনার গহনা কেনার খরচ অনেকটা কমে যাবে। উদাহরণস্বরূপ, বর্তমানে ১০ হাজার টাকার গহনা কিনলে গ্রাহককে অতিরিক্ত ৩ হাজার টাকা জিএসটি দিতে হয়। হার কমলে এই খরচে বড় সাশ্রয় হবে।
আগের কর ব্যবস্থা বনাম বর্তমান জিএসটি
জিএসটি চালুর আগে সোনার গহনায় ১% ভ্যাট ও ১% সার্ভিস ট্যাক্স নেওয়া হত। পরে নতুন কর ব্যবস্থায় তা তুলে দেওয়া হয়। বর্তমানে গহনার দামের সঙ্গে ৩% জিএসটি এবং মেকিং চার্জের উপর অতিরিক্ত ৫% জিএসটি যুক্ত হয়। এমনকি, অর্ডার দিয়ে তৈরি গহনা বা সারাইয়ের ক্ষেত্রেও আলাদা হারে কর ধার্য করা হয়।
সোনার দামে বড় প্রভাব পড়বে
যদি ১% করও কমানো হয়, তাহলে গহনার বাজারে সরাসরি প্রভাব পড়বে। ইতিমধ্যেই বিশ্ববাজারে সোনার দামে ওঠানামা চলছে। তার সঙ্গে কর ছাড় যুক্ত হলে সোনার গহনা সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যবিত্তের জন্য এটি এক বড় স্বস্তির খবর।
পুজো ও উৎসবের মরসুমে গহনার বাজারে কেনাবেচা বাড়ে। তাই কর ছাড়ের সিদ্ধান্ত কার্যকর হলে বাজারে চাহিদা আরও বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা।



