ডিপফেক আর ভুয়ো কনটেন্টের দৌরাত্ম্যে এবার সরাসরি আইনি পথে হাঁটলেন Gautam Gambhir। সোশ্যাল মিডিয়ায় তাঁর নাম-পরিচয় ব্যবহার করে ছড়ানো বিভ্রান্তিকর ভিডিও ও খবরের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন ভারতের হেড কোচ। অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে একাধিক অ্যাকাউন্ট মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
গম্ভীরের দাবি, ২০২৫ সালের শেষ দিক থেকে ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুকে তাঁর নাম ব্যবহার করে তৈরি হচ্ছে ভুয়ো কনটেন্ট। AI প্রযুক্তি, ফেস-সোয়াপিং ও ভয়েস ক্লোনিংয়ের সাহায্যে এমন ভিডিও বানানো হয়েছে, যেখানে তাঁকে এমন মন্তব্য করতে দেখা যাচ্ছে, যা তিনি কখনও করেননি। এর মধ্যে একটি ‘ইস্তফা’ সংক্রান্ত ভুয়ো ভিডিও ইতিমধ্যেই লক্ষাধিক ভিউ কুড়িয়েছে।


এই ঘটনায় তিনি ১৬টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং কিছু অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছে—JanKey Frames, Bhupendra Paintola, Legends Revolution, gustakhedits, cricket_memer45, GemsOfCrickets, Crickaiith, Sunny Upadhyay এবং @imRavY_ সহ আরও কয়েকটি হ্যান্ডেল।
আইনজীবীর মাধ্যমে গম্ভীর আদালতের কাছে আবেদন করেছেন, যাতে এই সমস্ত ভুয়ো কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলা হয় এবং ভবিষ্যতে এমন অপব্যবহার বন্ধ করা যায়। পাশাপাশি তিনি প্রায় ২.৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।
গম্ভীরের অভিযোগ, তাঁর নাম, মুখ, কণ্ঠস্বর—সবকিছুই অপব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে এবং সেই কনটেন্ট থেকে আর্থিক লাভও করা হয়েছে। ফলে তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।


এই ঘটনা আবারও সামনে আনল ডিপফেক প্রযুক্তির বিপজ্জনক দিক। বিশেষজ্ঞদের মতে, AI-নির্ভর এই ধরনের ভুয়ো কনটেন্ট আগামী দিনে আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে জনপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে।
সব মিলিয়ে, গম্ভীরের এই আইনি পদক্ষেপ শুধু ব্যক্তিগত লড়াই নয়—সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের বিরুদ্ধে বড় বার্তাও বটে।







