রাজ্যে গ্যাস সরবরাহে টান পড়ার প্রভাব এবার পড়ল ধর্মীয় আচারেও। গ্যাস সঙ্কটের জেরে দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদের পরিমাণ সাময়িকভাবে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের সীমিত মজুত থাকায় আপাতত আগের তুলনায় অনেক কম সংখ্যক ভক্তের জন্য প্রসাদ প্রস্তুত করা হচ্ছে।
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমণ দাস জানিয়েছেন, বর্তমানে মন্দিরে যে গ্যাস মজুত ছিল তা ব্যবহার করেই প্রভুর ভোগ প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি কাঠের সাহায্যেও রান্নার ব্যবস্থা করা হয়েছে, যাতে নিয়ম মেনে দৈনন্দিন ভোগ বন্ধ না হয়।

তিনি জানান, আগে যেখানে প্রতিদিন প্রায় ১০০০ থেকে ১২০০ জন ভক্তের জন্য প্রসাদ তৈরি করা হত, সেখানে এখন পরিস্থিতির কারণে মাত্র ২০০ থেকে ২৫০ জনের জন্য প্রসাদ প্রস্তুত করা হচ্ছে।
মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলেই আবার আগের মতো প্রসাদের পরিমাণ বাড়ানো হবে। ভক্তদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তারা জানিয়েছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে পরিস্থিতির কারণে নেওয়া হয়েছে।
বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল-রেস্তরাঁ ও বিভিন্ন প্রতিষ্ঠানেও তার প্রভাব পড়ছে। সেই প্রভাব এবার পৌঁছে গেল দিঘার অন্যতম জনপ্রিয় ধর্মীয় কেন্দ্র জগন্নাথ ধামেও।










