পুণ্যস্নানের প্রস্তুতির মাঝেই আতঙ্ক ছড়াল গঙ্গাসাগরে। মেলা শুরুর প্রথম প্রহরেই ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল গঙ্গাসাগর মেলা এলাকা। শুক্রবার ভোরে কপিলমুনি আশ্রম সংলগ্ন মেলা চত্বরে আগুন লেগে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল একাধিক ছাউনি। হতাহতের খবর না মিললেও, ভোররাতেই আতঙ্কে ছুটোছুটি শুরু করেন পুণ্যার্থীরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর আনুমানিক পাঁচটা নাগাদ আশ্রম এলাকার একটি হোগলা পাতায় তৈরি ছাউনিতে প্রথম আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। শুকনো হোগলা পাতার ছাউনিতে আগুন লাগায় মুহূর্তেই তা ভয়ংকর রূপ নেয়। ভোরের হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি ছাউনিতে। চোখের সামনেই একের পর এক ছাউনি পুড়ে যেতে থাকে।


প্রথমে স্থানীয় বাসিন্দারা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকল কর্মীরা। বেশ কিছু সময় ধরে চেষ্টা চালানোর পর পরিস্থিতি আংশিকভাবে নিয়ন্ত্রণে এলেও, আগুন পুরোপুরি নেভাতে কাজ এখনও চলছে বলে প্রশাসন সূত্রে খবর।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও-সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। কীভাবে আগুনের সূত্রপাত, ঠিক কতগুলি ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট অথবা রান্নার উনুন থেকেই আগুন লাগতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চাইছে না প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।









