সোমবার, ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য শুরু হলো বিনামূল্যে যাতায়াত। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ হিসেবে নতুন ব্যবস্থার সূচনা করল রাজ্য সরকার। আপাতত পরিচয়পত্র দেখালেই মিলবে যাত্রার সুযোগ, পরে দেওয়া হবে বিশেষ স্মার্ট কার্ড।
রাজ্যের পরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন এনে সোমবার থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রি ট্রাভেল স্কিম কার্যকর করা হয়েছে। শুধু সাধারণ বাস নয়, এসি পরিষেবা এবং দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা মিলবে। সপ্তাহের প্রথম কর্মদিবসে পরিষেবাকে নির্বিঘ্ন রাখতে কলকাতা ও শহরতলি জুড়ে প্রায় ৬০০টি সরকারি বাস নামানো হয়েছে রাস্তায়।
পরিবহণ দপ্তরের কর্মকর্তাদের মতে, অফিস টাইমে অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ টার্মিনাস ও বাসস্ট্যান্ডে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ভাড়া সংক্রান্ত বিভ্রান্তি বা যাত্রীদের অসুবিধা এড়াতে দপ্তরের আধিকারিকরাও মাঠে থাকবেন।
এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত মহিলা যাত্রীকে ভবিষ্যতে একটি ডিজিটাল স্মার্ট কার্ড দেওয়া হবে। কার্ডে থাকবে যাত্রীর নাম, ছবি এবং কিউআর কোড। সংশ্লিষ্ট আবেদনপত্র বিডিও বা এসডিও অফিসে জমা দিয়ে এই কার্ডের জন্য আবেদন করতে হবে। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে প্রশাসন।
স্মার্ট কার্ড চালু না হওয়া পর্যন্ত বিকল্প পরিচয়পত্র দেখিয়েই বিনামূল্যে যাতায়াত করা যাবে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আয়ুষ্মান ভারত কার্ড, অফিস আইডি কিংবা স্কুল-কলেজের পরিচয়পত্র গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে।
পরিচয় যাচাইয়ের পর বাসের কন্ডাক্টররা মহিলা যাত্রীদের হাতে ‘জিরো ভ্যালু টিকিট’ বা থার্মাল পেপারে ছাপা বিশেষ টিকিট তুলে দেবেন। এর মাধ্যমে যাত্রার তথ্য নথিভুক্ত করা হবে, তবে কোনও ভাড়া দিতে হবে না।
পরিবহণ দপ্তরের এক শীর্ষ আধিকারিকের দাবি, নতুন ব্যবস্থার প্রথম কয়েক দিন কিছুটা চাপ থাকলেও খুব দ্রুত যাত্রী এবং বাসকর্মীরা এই পরিষেবার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবেন। ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা প্রতিদিনের যাতায়াতে সরাসরি আর্থিক সুবিধা পাবেন বলেই মনে করছে প্রশাসন।



