নজরবন্দি ব্যুরোঃ ৫৯ হাজার কোটি টাকা দুর্নীতি? রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তিতে দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। ভারত এবং ফ্রান্সের দাসল্ট অ্যাভিয়েশনের মধ্যে চুক্তি খতিয়ে দেখতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ফ্রান্স। ফরাসি পাবলিক প্রসিকিউশন সার্ভিসের আর্থিক অপরাধ দমন শাখা তদন্ত শুরুর কথা স্বীকারও করেছে। এর আগে চলতি বছর এপ্রিলে রাফালে (Rafale Deal) চুক্তিতে একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয় মিডিয়াপার্টেরই একাধিক রিপোর্টে।
আরও পড়ুনঃ ৬ বছরে তিন কোটি জালিয়াতি করা দেবাঞ্জনের বাড়িতে মিলল বিএসএফ উর্দি।
রাফাল নিয়ে একের পর এক বিষ্ফোরক দাবি করছে ফ্রান্সের সংবাদমাধ্যম মিডিয়াপার্ট। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের ক্লিনচিটের পর মনে করা হয়েছেছিল সমস্যার অবসান ঘটেছে। কিন্তু সেই বিতর্ককে ফের পুনরুজ্জীবিত করছে ফ্রান্সের এই সংবাদমাধ্যম। এর আগে মিডিয়াপার্ট দাবি জানিয়েছিল, যে রাফাল চুক্তিতে ভারতীয় মধ্যস্থতাকারীকে দশ লক্ষ ইউরো ‘উপহার’ দেওয়া হয়েছিল। এই অর্থ দিয়েছিল ফরাসি সংস্থা দাসল্ট। কিন্তু এবার আরও চাঞ্চল্যকর দাবি জানাচ্ছে ওই সংবাদমাধ্যম।
তাদের দাবি, ভারতের প্রতিরক্ষামন্ত্রকের গোপন নথি ফাঁস হয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে। মিডিয়াপার্টের কথায়, ভারতীয় মধ্যস্থতাকারী সুষেন গুপ্তা রাফাল চুক্তির আগে কোটি কোটি টাকার বিনিময়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রকের গোপন নথি ফ্রান্সের ওই সংস্থার কাছে ফাঁস করেছিলেন। সংস্থা দাসাল্ট এবং থেল বিদেশের বিভিন্ন অ্যাকাউন্ট এবং ভুয়ো সংস্থার মাধ্যমে মোট ১৪৬ লক্ষ ডলার ভারতীয় মধ্যস্থতাকারী সুষেন গুপ্তাকে দিয়েছে।
ফ্রান্সের ওই সংবাদমাধ্যমের দাবি সিঙ্গাপুরের একাধিক ভুয়ো সংস্থার দ্বারা এই বিপুল পরিমাণ অর্থ সুষেন গুপ্তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছে দাসাল্ট এবং থেল। যার বিনিময়ে সুষেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রকের গোপন তথ্য ফাঁস করেছে দাসাল্টের কাছে। যার মধ্যে রাফালের দর কষাকষির ক্ষেত্রে ভারত সরকারের প্রতিনিধিদের অবস্থান সম্পর্কিত তথ্য ছিল। এর ফলে ভারত সরকারের সঙ্গে রাফালের দর কষাকষিতে অনেক সুবিধা হয়েছে ফরাসি সংস্থাটির।
৫৯ হাজার কোটি টাকা দুর্নীতি? সংবাদমাধ্যম মিডিয়াপার্ট জানিয়েছে, তাঁদের কাছে এই গোটা কেলেঙ্কারির যাবতীয় নথি বা প্রমাণ রয়েছে। এবং সংস্থা দাসাল্ট কোন কোন উপায় সুষেন গুপ্তাকে টাকা দিয়েছে, সেইসব নথিও রয়েছে তাদের কাছে।



