নজরবন্দি ব্যুরোঃ ডিসেম্বরে ৫ সেকন্ডের জন্য দরজা খুলবেন বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলেই যোগদানের মেলা লাগবে। ডিসেম্বরে যোগদান পর্ব শুরু হল। তবে সেটা বিজেপি থেকে আসা কোনও নেতা নয়। বরং এনসিপি প্রাক্তন সাংসদ মাজিদ মেনন বুধবার তৃণমূলে যোগদান করলেন। শরদ পাওয়ারের দূর্গেই ঘূণ ধরালেন মমতা।
বুধবার দিল্লিতে সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং সৌগত রায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন তিনি। ২০১৪ থেকে ২০২০ সাল অবধি এনসিপির টিকিটে রাজ্যসভার সাংসদ পদে ছিলেন তিনি। কর্মজীবনে মাজিদ মেনন একজন তীক্ষ্ণ মস্তিষ্কের আইনজীবী।

প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচনের পর জাতীয় রাজনীতির দিকে পা বাড়িয়েছে তৃণমূল। গোয়া নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাঁরা, তার আগে ত্রিপুরার পুরভোটে আশানুরুপ ফল না ফললেও এখনও হাল ছাড়তে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের নির্বাচনের কথা মাথায় রেখে মেঘালয়ে সফর শেষ করে কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার পরেও যোগদান ঘিরে রাজনৈতিক মহলে চাপানুতোর শুরু হয়েছে।
পাওয়ারের দূর্গে ঘূণ ধরালেন মমতা, তৃণমূলে মাজিদ মেনন

রাজনৈতিক মহলে প্রশ্ন, ২৪ এর নির্বাচনের কথা মাথায় রেখে একজোট হওয়ার চেষ্টা করছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের ভিতরে এই জোট নজরে এলেও বাইরে সেই জোট নজরে আসছে না। এরই মধ্যে শরদ পাওয়ারের দলের সমর্থনে নির্বাচিত সাংসদকে যোগদান করে জল্পনা বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কী বিরোধী জোটে ফাটল ধরল? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।



